প্রসূতি মায়ের সংখ্যা অন্তঃসত্ত্বা নারীর দ্বিগুণের বেশি
শাহজাদপুরে তিন কোটি টাকা আত্মসাৎ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম প্রকল্পে তিন কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রসূতি মায়ের সংখ্যা প্রকৃত সংখ্যার কয়েক গুণ বেশি দেখিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়। দরিদ্র নারীদের গর্ভকালীন ও প্রসবোত্তর আর্থিক সহায়তা দেওয়াসহ মাতৃমৃত্যুর হার কমানোর উদ্দেশ্যে ২০০৭ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশি দাতাদের সাহায্যে জেলার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় শুধু হতদরিদ্র ও গরিব অন্তঃসত্ত্বা নারী এবং জন্মনিয়ন্ত্রণ গ্রহণকারী (দুই সন্তানের অধিক নয়) অন্তঃসত্ত্বা নারীদের জন্য প্রসবকালীন আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে। স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে গর্ভকালীন সেবা, স্বাস্থ্য পরীক্ষা, যাতায়াত, ওষুধ, খাবার, পোশাকসহ রোগীকে এককালীন দুই হাজারসহ মোট তিন হাজার টাকা দেওয়ার কথা। অন্যদিকে সিজারিয়ান রোগীর জন্য ছয় হাজার টাকা নির্ধারণ করা আছে। এর মধ্যে রোগীর জন্য তিন হাজার টাকা এবং বাকি টাকা সার্জন, চিকিৎসক, সেবিকা ও আয়াসহ সংশ্লিষ্টদের জন্য বরাদ্দ রয়েছে।প্রসূতিদের অভিযোগ: স্বাভাবিক প্রসূতিদের মাত্র ৩০০ থেকে ৬০০ টাকা করে দেওয়া হয়েছে। এই টাকা অফিস থেকে সরাসরি দেওয়ার নিয়ম থাকলেও কৌশল করে সিন্ডিকেটের সদস্যরা সিজারিয়ান মা ছাড়া অন্যদের ক্ষেত্রে ধাত্রীদের মাধ্যমে তাঁদের বাড়িতে পাঠান।উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের বাহেলা খাতুন বলেন, তাঁর স্বাভাবিক প্রসব হয়েছে। কিন্তু তাঁকে দেওয়া হয়েছে ৬০০ টাকা। একই ইউনিয়নের সড়াতৈল গ্রামের মরিয়ম খাতুন ও গাড়াদহ ইউনিয়নের তালগাছী গ্রামের মলিনা খাতুনও ৬০০ টাকা পাওয়ার কথা জানান। প্রকল্প সমন্বয়কারীর তথ্য: প্রকল্প রেজিস্টার থেকে জানা গেছে, ২০১০ সালের জুন থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মোট ১৪ হাজার ৬৭৬ জন রোগীর প্রসব হয়েছে। এ জন্য ওই অর্থবছরে মোট বরাদ্দ আসে চার কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে ৫৫ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। রোগীদের মধ্যে মাঠপর্যায়ে স্বাভাবিক প্রসবের সংখ্যা সাত হাজার ১০৯, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় হাজার ৭৯০ এবং সিজারিয়ান প্রসূতির সংখ্যা ৭৭৭ জন।নিয়মানুযায়ী, জনসংখ্যার ভিত্তিতে মাসে ৫০০ থেকে ৬০০ প্রসূতিকে প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু গত অর্থবছরে মোট ১৪ হাজার ৬৭৬ জনকে প্রসব করানো হিসাবে মাসে গড়ে এক হাজার ৮৩ জনকে প্রসব করানো হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগ: অনুসন্ধানে জানা গেছে, সিন্ডিকেটের সদস্যদের মধ্যে ধাত্রীরা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর নেতৃত্বে ও পরিসংখ্যান বিভাগের সঙ্গে যোগসাজশে কাগজে-কলমে মাসে এক হাজার থেকে এক হাজার ২০০ নারীকে অতিরিক্ত প্রসব করানোর তথ্য দিয়েছেন। এ ছাড়া হাসপাতালের কয়েকজন সেবিকাসহ অন্যরা ভুয়া কার্ড করেছেন। নিয়ম লঙ্ঘন করে দুই সন্তান নেওয়া প্রসূতিদের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এভাবে ধাত্রীরা তাঁদের মাসিক কার্যতালিকার প্রতিবেদনে প্রসূতি মায়ের সংখ্যা দ্বিগুণ থেকে তিন গুণ দেখিয়েছেন।উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের তথ্য অনুযায়ী, গত এক বছরে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা ছিল তিন হাজার ৭৮৩ জন। এঁদের মধ্যে ধনী শ্রেণী ও দুই সন্তান নেওয়া মায়েরাও আছেন। এই হিসাব অনুযায়ী, অন্তঃসত্ত্বা নারীর চেয়ে ১০ হাজার ৮৯৩ জন রোগীকে অতিরিক্ত প্রসব করানো হয়েছে। এর জন্য লোপাট হয়েছে তিন কোটি ২৬ লাখ ৭৯ হাজার টাকা।হিসাবে গরমিল: কায়েমপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ও ধাত্রী হামিদা বেগম গত এপ্রিলে দাখিল করা প্রতিবেদনে ১২ জন অন্তঃসত্ত্বা নারীর কথা উল্লেখ করেছেন। কিন্তু মাতৃস্বাস্থ্য প্রকল্পে তিনি প্রসূতির সংখ্যা দেখিয়েছেন ৫৯ জন। একইভাবে শাহজাদপুর হাবিবুল্লানগর নগর ইউপির মঞ্জুয়ারা বেগম পরিবার পরিকল্পনা অফিসে ১৪ জন কিন্তু মাতৃস্বাস্থ্য প্রকল্পে ৩০ জন, গাড়াদহ ইউনিয়নের আরজুমনোয়ারা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ১২ জন কিন্তু মাতৃস্বাস্থ্য প্রকল্পে ২৬ জন প্রসূতির কথা উল্লেখ করেছেন। অর্থাৎ তাঁরা মাসে প্রসূতি মায়ের সংখ্যা অন্তঃসত্ত্বা নারীর চেয়ে দ্বিগুণের বেশি দেখিয়েছেন। ধাত্রীদের বক্তব্য: কায়েমপুর পরিবার পরিকল্পনা কেন্দ্রের হামিদা বেগম বলেন, মাঠ থেকে যেভাবে তথ্য আসে সেভাবেই উপজেলা কার্যালয়ে প্রতিবেদন দেওয়া হয়। এখানে কমবেশি করার সুযোগ নেই। গাড়াদহ ইউনিয়নের আরজুমনোয়ারা বেগম বলেন, ‘অফিস থেকে যেভাবে টাকা দেওয়া হয়েছে, সেভাবেই প্রসূতি মায়েদের টাকা দিয়েছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ধাত্রী বলেছেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (বড় বাবু) আবদুস সালাম নিজেই সব টাকা বিতরণ করেন। তিনি কম টাকা দিয়ে পুরো টাকা গ্রহণের স্বাক্ষর নেন। প্রতিবাদ করলে চাকরি যাওয়ার ভয় দেখান।’সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য: প্রধান সহকারী আবদুস সালাম বলেছেন, ‘সংশ্লিষ্ট ইউনিয়নের ধাত্রীদের মাধ্যমে প্রসূতি মায়েদের টাকা দেওয়া হয়েছে। তাঁরা টাকা কম দিলেন কি না এটা আমার দেখার বিষয় নয়। কাগজ-কলমে তাঁদের স্বাক্ষর রয়েছে।’মাতৃস্বাস্থ্য ভাউচার প্রকল্পের দায়িত্বে নিয়োজিত সমন্বয়কারী আশরাফ আলী বলেন, কয়েক মাস আগে তিনি যোগ দিয়েছেন। তিনি যোগ দেওয়ার পর নিয়মানুযায়ী অন্তঃসত্ত্বা নারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, পৌর শহরসহ ১৪টি ইউনিয়নে মোট অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা তিন হাজার ৮৪৩ জন। এই সমপরিমাণ অন্তঃসত্ত্বা নারী সন্তান প্রসব করতে পারেন। কিন্তু এর বেশি প্রসূতি মায়ের সংখ্যা হওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘গর্ভধারণ না করলে তো আর প্রসূতি মা হওয়া যায় না।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। প্রধান সহকারী যেভাবে আমার কাছে উপস্থাপন করেছেন, সেভাবে আমি অর্থ উত্তোলনের জন্য স্বাক্ষর করেছি।’উপজেলা মাতৃস্বাস্থ্য প্রকল্প কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, প্রকল্পের তদারকি বাড়ানো হয়েছে। টাকা কম দেওয়ার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।