শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০, ককটেল উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাড়কোলা গ্রামে জমিজমা-সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।আজ সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে বলেও জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পাড়কোলা গ্রামের আফান হাজি ও রোস্তম হাজির মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এর আগে এই বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে।গত রোববার সন্ধ্যায় আফান পক্ষের লোকজন জমিতে সেচের পানি দিতে গেলে রোস্তম পক্ষের লোকজন তাদের বাধা দেয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।এরই জের ধরে আজ ভোরে উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত এবং কমপক্ষে ১০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।