শাহজাদপুরে নছিমন উল্টে ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পারকোলা নামক এলাকায় নছিমন উল্টে ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। হতাহত সবাই ধানকাটা শ্রমিক বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন সাইদুর (৪০), মোমিন (৪০), আজিজুল (২৫) আক্কাস (২২), রবিউল (৩৭) ও ফারুক (২২)।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, পাবনা জেলার সাঁথিয়া থেকে ২৯ জন ধানকাটা শ্রমিক নসিমনে করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাতে যাচ্ছিলেন। পথে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ওই স্থানে নসিমনের পাশ দিয়ে পাবনাগামী একটি কোচ যাওয়ার সময় নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে নসিমনটি রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। হতাহত সবার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। তবে এ ঘটনায় নিহত আরও দুজন শ্রমিকের লাশ অন্য শ্রমিকেরা নিয়ে গেছেন বলে জানায় পুলিশ।আহত ব্যক্তিদের পোতাজিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন।