শাহজাদপুরে নতুন স্থানে অ্যানথ্রাক্স রোগীর সন্ধান
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টি আর বন্দর এলাকায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হামিদ (২৫) নামের নতুন একজন রোগীর সন্ধান মিলেছে। গত ২৫ দিনের ব্যবধানে ওই গ্রামসহ দুটি গ্রামে রোগে ১৬টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত শহীদ নামের আরও একজন রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত ওই উপজেলায় ৪১ জন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করা হলো। গতকাল শনিবার স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেন। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তাঁরা। এদিকে আইসিডিডিআরবি ও প্রাণিসম্পদ বিভাগের তদন্ত দল আক্রান্ত রোগীদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ অব্যাহত রেখেছে। প্রাণিসম্পদ বিভাগের সদস্যরা বাড়ি বাড়ি তদারক করছেন। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহজাদপুরে খামারমালিক ও জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক সভা হয়েছে।টি আর বন্দর গ্রামের হামিদ বলেন, ‘২০ দিন আগে গ্রামের দায়েন নামের একজন খামারির ষাঁড় অসুস্থ হয়। সেটিকে জবাই করে গোশত তৈরির কাজে আমি ও আরও কয়েকজন সাহায্য করি। এর দুই দিন পর আমার বাঁ হাতে ফোসকা এবং বড় ক্ষতের সৃষ্টি হয়। প্রায় ২০ দিন বিভিন্ন স্থানে চিকিত্সা করার পরও ভালো হয়নি। গতকাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেলে চিকিত্সক এবং ঢাকা থেকে আসা তদন্ত দলের সদস্যরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।’ এ বিষয়ে গরুর মালিক দায়েন জানান, তাঁর গরুসহ আরও বেশ কয়েকটি গরু রোগের কারণে জবাই করা হয়েছিল। সবগুলো গরুই হামিদ ও কয়েকজন কাটাকাটি করেন। কোন গরুর মাংস থেকে রোগ ছড়াল, তা নিশ্চিত হওয়া যায়নি। গত ২৫ দিনে চিথুলিয়া ও এই গ্রামে বিভিন্ন খামারের প্রায় ১৬টি গাভি মারা গেছে বলে তিনি উল্লেখ করেন।শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল ইসলাম প্রাথমিকভাবে হামিদের লক্ষণ দেখে অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এই এলাকায় সন্ধান করলে আরও রোগী পাওয়া যাবে। তবে এ বিষয়ে আতঙ্কের কিছু নেই। সব রোগীই ভালো হবে।’শাহজাদপুর থানা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, বেশ কয়েকটি গরু মারা যাওয়ার খবর শুনেছি। আগামীকাল (আজ) থেকে ওই এলাকায় প্রতিষেধক দেওয়া শুরু হবে।চিথুলিয়া গ্রামে তদন্ত দলের সদস্যরা গতকাল শহীদকে অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করেন। তদন্ত দলের সদস্য শফিকুর রহমান বলেন, ‘আমরা রক্তের নমুনা সংগ্রহ করাসহ চিকিত্সার বিষয়ে কাজ করে যাচ্ছি। শতভাগ রক্ত সংগ্রহ এবং ওষুধ সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই এলাকায় আমাদের কাজ চলতে থাকবে।’ জনসচেতনতা বাড়াতে: অ্যানথ্রাক্স রোগের বিষয়ে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন গতকাল শাহজাদপুর রবীন্দ্র মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, গ্রাম এলাকায় পশুর রোগ এবং মানবদেহে নতুন রোগ সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। কোনো গাফিলতি মেনে নেওয়া হবে না। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দিয়ে বলেন, দুগ্ধশিল্পকে টিকিয়ে রাখার জন্য এই কমিটির মাধ্যমে গ্রাম পর্যায়ে ক্রমান্বয়ে সচেতনতামূলক সভা করতে হবে।সভায় রেশমবাড়ী গ্রামের খামারমালিক আবদুস সামাদ ফকির বলেন, গবাদিপশুর ভ্যাকসিন সংরক্ষণ প্রণালি স্থানীয় প্রাণিসম্পদ অফিস ও মিল্ক ভিটার কারও ভালো নয়। সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করা হয় না। যে কারণে এই ভ্যাকসিন কাজে আসে না। এ ছাড়া মিল্ক ভিটা ও প্রাণিসম্পদ কার্যালয়ের মধ্যে সমন্বয়ও নেই। অনেক গবাদিপশু বাজারের দূষিত খাবার খেয়ে মারা যাচ্ছে। এ ব্যাপারে কারও ভ্রুক্ষেপ নেই। অভিযোগ সঠিক নয় উল্লেখ করে স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয় ও মিল্ক ভিটার কর্মকর্তারা বলেন, নতুন নতুন গবাদিপশু আসার কারণে অ্যানথ্রাক্সসহ বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। এই গরুগুলোকে প্রতিষেধকের আওতায় আনতে হবে।অ্যানথ্রাক্স সম্পর্কে জনপ্রতিনিধি ও খামারিদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালক রণজিৎ কুমার চক্রবর্তী বলেন, রোগাক্রান্ত পশু মারা যাওয়ার পর কোনোভাবেই পানিতে ভাসিয়ে দেওয়া যাবে না। এমনকি অসুস্থ অবস্থায় সেটিকে জবাই করে খাওয়া যাবে না। মৃত গরুকে মাটিতে গর্ত করে পুঁতে রাখতে হবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাণিসম্পদ বিভাগের রাজশাহী বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহীম হোসেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. নূরুল ইসলাম তালুকদার, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান প্রমুখ। সভায় এলাকার পাঁচ শতাধিক খামারমালিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অ্যানথ্রাক্স রোগের লক্ষণঢাকা থেকে আসা তদন্ত দলের সদস্য চিকিত্সক শফিকুর রহমান জানান, অ্যানথ্রাক্স জীবাণু সাধারণত মানবদেহের তিন স্থানে সংক্রমিত হয়ে থাকে। ফুসফস, খাদ্যনালি ও ত্বকে। শাহজাদপুরে যে অ্যানথ্রাক্সের প্রকোপ দেখা দিয়েছে তা মূলত ত্বকের সংক্রমণ। এর উপসর্গ বা লক্ষণ হিসেবে অ্যানথ্রাক্সের জীবাণু প্রবেশ করার এক থেকে সাত দিনের মধ্যে চামড়ায় প্রথমে ফুসকুড়ির মতো দেখা দেয়। এই ফুসকুড়ি থেকে গোটার সৃষ্টি হয়। এরপর তা এক থেকে সাত দিনের মধ্যে ঘা বা ক্ষতে রূপান্তরিত হয় এবং ধীরে ধীরে বড় হতে থাকে। এ সময় রোগী শরীরে খুব একটা ব্যথা অনুুভূত হয় না। কয়েক দিন পর ক্ষতস্থান কালো বা লাল বর্ণ ধারণ করে। ক্ষত থেকে সব সময় রস নিঃসৃত হতে থাকে। ঠিকমতো ওষুধ সেবন না করলে এই ক্ষত সারতে অনেক সময় লাগে। তবে এ থেকে মৃত্যু হওয়ার আশঙ্কা ততটা নেই। বরং খাদ্যনালি ও ফুসফুসের সংক্রমণে মৃত্যুর আশঙ্কা বেশি।