শাহজালাল বিমানবন্দর থেকে বৈদেশিক মুদ্রাসহ একজন আটক
শুল্ক গোয়েন্দা বিভাগ গতকাল সোমবার গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ৫৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে। মুদ্রাগুলো সৌদি আরব, হংকং ও দুবাইয়ের। আটককৃত সেলিম মিয়া হংকং যাচ্ছিলেন।শুল্ক গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধায়ক শামসুল ইসলাম প্রথম আলোকে জানান, রাত দুইটার দিকে সেলিম মিয়া ড্রাগন এয়ারে হংকং যাচ্ছিলেন। শুল্ক গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলামের সন্দেহ হলে সেলিমকে ডিপারচার লাউঞ্জ থেকে আটক করা হয়। পরে বিমান থেকে তার সুটকেস নামিয়ে পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, সুটকেসের ভেতর বিশেষভাবে তৈরি করা পকেটে বিপুল অঙ্কের বিভিন্ন দেশের মুদ্রাগুলো লোকানো রয়েছে। শামসুল ইসলাম আরও জানান, সেলিমকে এখন গোয়েন্দা বিভাগের হেফাজতে রাখা হয়েছে।রাজধানীতে ইস্টার্ন প্লাস মার্কেটে সেলিমের একটি মোবাইল ফোনের দোকান আছে। গত অক্টোবর থেকে জুন পর্যন্ত তিনি ২০ বার হংকং গিয়েছেন। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা হচ্ছে।