শাহজালাল বিমানবন্দর থেকে ২৬ কেজি হেরোইন উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি মালামাল রাখার গুদাম থেকে ২৬ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন আর্মড পুলিশের (এপিবিএন) সদস্যরা।আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নয়টি কার্টন থেকে এগুলো উদ্ধার করা হয়। প্রতি কার্টনে দু-তিনটি করে প্যাকেট ছিল। এসব পণ্য থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে কাল রোববার ভোরে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এপিবিএনের সহকারী পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান প্রথম আলো ডটকমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, আকিজ বিড়ির কিছু কার্টনে রাখা এই মালামাল আজ দুপুরে স্ক্যানিং করা হয়। এরপর তা চূড়ান্ত করে উড়োজাহাজে তোলার জন্য গুদামে রাখা হয়। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা একটি কার্টন খুলে তিনটি প্যাকেটে ছয় কেজি হেরোইন পান। বাকি কার্টনগুলো খুলে মোট ২৬ কেজি ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। ওমর অ্যান্ড ব্রাদার্স সিএফঅ্যান্ড এজেন্টের মাধ্যমে নাফা বিজনেস সিন্ডিকেট নামের একটি প্রতিষ্ঠান এগুলো মালয়েশিয়ায় রপ্তানি করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কার্টনে হেরোইন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।