শাহজালাল বিমানবন্দরে রোহিঙ্গাসহ আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার চারজন রোহিঙ্গাসহ সাতজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এই রোহিঙ্গারা বাংলাদেশের মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) নিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলেন।আটক হওয়া রোহিঙ্গারা হলেন: নাসিমা খাতুন (২৭), জান্নাতি (১৩), রোকেয়া বেগম (২৪) ও কবির হোসেন (৪০)। এ ছাড়া দালালির অভিযোগে সুমন ভূঁইয়া নামের একজনকে আটক করা হয়। সুমন ভূঁইয়া চার রোহিঙ্গাকে কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে সৌদি আরবে পাঠানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের সঙ্গে পাসপোর্টের ছবি বদলে (গলাকাটা) বিদেশে যাওয়ার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন: আসাদুল ইসলাম (৩২) ও মাহমুদুল (২২)।বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, একজন দালাল ওই চারজন রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠানোর চেষ্টা করছিলেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বহির্গমন এলাকার এয়ারলাইনসের চেক-ইন কাউন্টার থেকে এসব রোহিঙ্গাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা মিয়ানমার থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে এসেছেন।