শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ বেসরকারিকরণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ বেসরকারিকরণের সুপারিশ করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি। এ বিষয়ে সংসদীয় কমিটিতে একটি প্রতিবেদন দেওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় কমিটির এ সুপারিশের সঙ্গে মন্ত্রী জি এম কাদেরও একমত পোষণ করেন বলে জানা গেছে। সভায় কমিটির সদস্য মঈনউদ্দীন খান বাদল ও ফরিদুল হক খান উপস্থিত ছিলেন। সভায় বিমান বাংলাদেশের আর্থিক সংকট এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি-১-এ উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে।সভায় বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়, যেসব খাতে অতিরিক্ত খরচ হচ্ছে, সেগুলো খুঁজে বের করে ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে।বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির সভাপতি বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ বেসরকারি ব্যবস্থাপনায় দিতে সুপারিশ করা হয়েছে। সংসদীয় কমিটির এই সুপারিশের সঙ্গে মন্ত্রীও একমত হয়েছেন।’মোশারফ হোসেন বলেন, ‘আমি যখন মন্ত্রী ছিলাম, তখন এ বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু পরে সেটা বাস্তবায়িত হয়নি। হিথরো, দুবাইসহ বিশ্বের বড় বড় বিমানবন্দরগুলোকে বেসরকারি খাতে দেওয়া হয়েছে। আমরা পুরো বিমানবন্দরকে বেসরকারি খাতে দিতে বলছি না।’কার্গো ভিলেজকে বেসরকারি খাতে দেওয়া হলে আমদানি-রপ্তানিতে গতিশীলতা বাড়বে বলে জানান তিনি।সভায় জানানো হয়, বিমানবন্দরকে ক্যাটাগরি-১-এ উন্নীত করতে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। এর রানওয়ে খারাপ। নিরাপত্তা পর্যাপ্ত নয়। রাডারসহ অন্যান্য যন্ত্রপাতি পুরোনো। কমিটি দ্রুত এসব বিষয়ে কাজ শুরু করতে সিভিল এভিয়েশনকে তাগিদ দিয়েছে। এ জন্য আলোচনা করতে আগামী আগস্ট মাসের শেষের দিকে একটি বাংলাদেশের একটি প্রতিনিধিদল নিউইয়র্ক যাবে।