শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের দ্বিতীয় দিন আজ
শিক্ষক নিয়োগ, পদোন্নতি বিষয়ে গৃহীত সর্বশেষ সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষকেরা। গতকাল বুধবার প্রথম দিন ধর্মঘট পালনের পর সন্ধ্যায় অনুষদের শিক্ষকদের সভায় ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল প্রথম দিন ধর্মঘট পালনের পর সন্ধ্যায় অনুষদের শিক্ষকদের সভা হয়। সভায় লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল থেকে ধর্মঘট পালন করা হচ্ছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, অনুষদভুক্ত বিভাগগুলোর বিভাগীয় প্রধানদের কক্ষেও তালা দেওয়া হয়েছে। ধর্মঘটের কারণে আজও সকাল থেকে অনুষদভুক্ত বিভাগগুলোতে ক্লাস নিচ্ছেন না শিক্ষকেরা। তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা এ কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধিত্বকারী কমিটির যুগ্ম আহ্বায়ক নিলয় চন্দ্র সরকার। অনুষদভুক্ত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষকেরা এ কর্মসূচিতে একাত্মতা পোষণ করলেও তাঁরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন বলে জানা গেছে। আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন। অবস্থান ধর্মঘট চলাকালে প্রশাসনের পক্ষ থেকে কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে বিষয়টি সম্পর্কে অবহিত করার কথা বলেন এবং শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান। বিকেলে এ ব্যাপারে শিক্ষক সমিতির বৈঠক ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, সিন্ডিকেটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে ওই অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সুপারিশ ছিল। তাঁদের মতামত ও সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলনকারী শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।