শাহজালাল বিশ্ববিদ্যালয় অচলের হুমকি শিবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় লুটপাটের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তিন দফা দাবি জানিয়েছেন শিবিরের নেতারা। আগামী তিন দিনের মধ্যে এ দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করে বিশ্ববিদ্যালয় অচল করার ঘোষণাও দিয়েছে তাঁরা।আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা শিবির নগরের মদিনা মার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি জাকির হোসেন সিদ্দিকী লুটপাটের ক্ষয়ক্ষতি তুলে ধরে তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করা, লুটপাট করা মালামাল ফেরত ও আবাসিক হলে শিক্ষার্থীদের সহ-অবস্থান নিশ্চিত করা। এ তিনটি দাবি আগামী শনিবারের মধ্যে মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায়, আগামী রোববার থেকে ধর্মঘটের ডাক দিয়ে বিশ্ববিদ্যালয় অচলের হুমকির দেওয়া হয় সংবাদ সম্মেলনে।জামায়াতের সাবেক আমির গোলাম আযম আটক হওয়ায় গতকাল শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আনন্দ মিছিল করে। সন্ধ্যায় আবাসিক হলগুলোতেও ছাত্রলীগ আনন্দ মিছিল করার প্রস্তুতি নিলে ছাত্রশিবিরের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হন। সংঘর্ষের পর শিবির ক্যাম্পাস ছাড়া হয়ে পড়ে।এই সংঘর্ষের ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় আজ তিনটি মামলা হয়েছে। এর একটির বাদী পুলিশ, অন্য দুটি মামলার বাদী আহত ছাত্ররা। তিনটি মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। এসব মামলায় এখন কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।শিবিরের সংবাদ সম্মেলনের বক্তব্য পুরোটাই মিথ্যাচার দাবি করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সামসুজ্জামান চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘শিবির ওই দিন বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল। ছাত্রলীগ তা প্রতিহত করেছে। এখন মিথ্যাচার করে ফায়দা লোটার চেষ্টা করছে।’ ধর্মঘট ডাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের ধর্মঘট ডাকলে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে প্রতিরোধ করবে।’জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিস্থিতি শান্ত থাকলেও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে।’