সংবাদ প্রকাশের কারণে ‘প্রথম আলো’র প্রতিনিধিকে সাময়িক বহিষ্কার
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি
‘নীতিমালা লঙ্ঘন করে শিক্ষক নিয়োগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার জের ধরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহ উদ্দিনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে। মিসবাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। গত সোমবার ‘প্রথম আলো’র পঞ্চম পৃষ্ঠার সিলেট সংস্করণে প্রতিবেদনটি ছাপা হয়। ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নির্বাহী আদেশে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার বহিষ্কারাদেশ মিসবাহ উদ্দিনের হাতে এসেছে। বহিষ্কারের কারণ সম্পর্কে আদেশে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি লঙ্ঘন করে শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণ প্রদর্শনের বিষয় প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো।’ এদিকে সংবাদ প্রকাশের জের ধরে প্রতিবেদককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার বিষয়টিকে ‘ক্ষমতার অপব্যবহারের নজিরবিহীন ঘটনা’ অভিহিত করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে আজ উপাচার্যের কার্যালয়ের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম সংবাদ প্রকাশের জের ধরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে সাময়িক বহিষ্কার করা হলো। এ ব্যাপারে গতকাল একাধিকবার যোগাযোগ করা হলেও ভারপ্রাপ্ত উপাচার্যের বক্তব্য পাওয়া যায়নি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কার করা হলো কেন? এ প্রশ্ন এড়িয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বলেন, উপাচার্যের নির্বাহী আদেশে বহিষ্কার করা হয়েছে।