শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ব্লগারদের মুক্তির দাবিতে মানববন্ধন
ব্লগারদের মুক্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ধর্মান্ধতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘মুক্তচিন্তা ও মুক্তবুুদ্ধির চর্চা বন্ধ করে মানব সভ্যতা স্থবির হতে দেব না’, ‘রাজাকারের ফাঁসি চাই’, ‘জামায়াত-শিবির নিষিদ্ধ কর’, ‘মুক্তচিন্তার ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপ বন্ধ কর’, ‘ধর্মব্যবসায়ীদের রুখে দাও, জামায়াত-শিবিরের রাজনীতি অবিলম্বে বন্ধ কর’ প্রভৃতি ফেস্টুন বহন করেন। মানববন্ধন শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আবদুল আউয়ালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায়, বাংলা বিভাগের শিক্ষক ফারজানা সিদ্দিকা, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নিখিলেন্দু দেব, স্থাপত্য বিভাগের শিক্ষক রেজওয়ান সোবহান, ইংরেজি বিভাগের শিক্ষক পান্না মজুমদার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আল আমিন রাব্বী প্রমুখ। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রীহলের প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক রুহুল আমিনসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। সমাবেশে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম ধর্মকে নয় বরং জামায়াতে ইসলামীকে রক্ষার অপচেষ্টা চালাচ্ছে। অশিক্ষিত মানুষকে ধর্ম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে জামায়াতে ইসলামী নিজেদের অপকর্মের বিচার বাধাগ্রস্ত করতে চায়। গণতন্ত্রকে অক্ষুণ্ন রাখতে হলে জামায়াতে ইসলামীর এই অপতত্পরতা প্রতিরোধ করতে হবে। সরকারকে উদ্দেশ করে বক্তারা বলেন, যদি সরকার ভোটের নোংরা রাজনীতিতে মেতে ওঠে তবে তরুণ প্রজন্ম এর যথার্থ জবাব দেবে।