শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের ধর্মঘট প্রত্যাহার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার মধ্যরাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় শিবির।১১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের পর বিকেলে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এর জের ধরে রাতে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আহত হন। ওই রাতে শিবির হল ছাড়া হয় এবং ১৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয়।ধর্মঘটের একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আলোচনায় বসার আহ্বান জানায়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ছাত্রশিবিরের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে আলোচনায় বসে। আলোচনা শেষে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘শিবিরের দাবিগুলোর ব্যাপারে কোনো আপত্তি না করায় এবং পর্যায়ক্রমে তা মেনে নেওয়ার শর্তে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, ‘শিবিরের নেতাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ক্লাস-পরীক্ষা চলাকালীন শিবির নেতা-কর্মীদের (যাদের বিরুদ্ধে মামলা নেই বা মামলা থাকলেও জামিনে আছে) নিরাপত্তা দেবে প্রশাসন। এ আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হয়েছে।’