শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিবিরের সাত কর্মী গ্রেপ্তার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমা ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার শিবিরকর্মীরা হলেন আবু লেইছ (৩২), আবদুল আজিজ (১৭), মো. শফিকুল ইসলাম (২২), উবায়দুর রহমান (২৩), মো. জসিম উদ্দিন (২৯), ওলিউর রহমান (২৪) ও শরিফুল ইসলাম (২৩)।জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের পর ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আনন্দ মিছিল করে। এরই জের ধরে ওই রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ হয়।পুলিশ জানায়, শিবিরের গ্রেপ্তার হওয়া কর্মীরা সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিবিরকর্মী। তাঁরা জালালাবাদ থানায় দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। ১১ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ চলাকালে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল্লাহ আল আজাদ জানান, গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরও তিন মামলা: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলাকালে ১৬ জানুয়ারি নগরের টিলাগড় ও খাসদবীর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বাসে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা নেতা-কর্মীদের আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার রাতে শাহপরান ও বিমানবন্দর থানায় দুটি মামলা করা হয়েছে।ওই একই দিন শহরতলির টুকেরবাজারে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী বদরুল ইসলাম বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেছেন। এ মামলায় শিবিরের কয়েকজন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।১১ জানুয়ারির সংঘর্ষ ও শিবিরের ধর্মঘট চলাকালে চোরাগোপ্তা হামলার ঘটনায় এ নিয়ে ছয়টি মামলা হয়েছে।