শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ২৫ শিবিরকর্মী গ্রেপ্তার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে সিলেট কোতোয়ালি থানা ও জালালাবাদ থানা পুলিশের দুটি দল নগরের বিভিন্ন মেস ও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকি ২৪ জন সিলেট আলিয়া মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। তাঁরা সবাই জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তার করা শিবিরকর্মীরা হলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিএসসির ছাত্র রাকিবুল আলম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলএমের ছাত্র মেসবাহউদ্দিন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের হোসাইন আহমদ, মো. মিজানুর রহমান, মোহাম্মদ সাদেক, ফখরুল ইসলাম আনসারী, মুজিবুর রহমান, তোফাজ্জল হক, নাহিদুল ইসলাম, শাহজালাল জামেয়া ইসলামিয়ার হোসেইন আহমদ, মোহাম্মদ আমিরুল ইসলাম, মো. আরিফ বিল্লাহ, দেলওয়ার হোসেন, আবুল খায়ের, সিলেট মদনমোহন কলেজের গোলাম কিবরিয়া, ইউনিভার্সেল কলেজের শাহেদ আহমদ, সিলেট কমার্স কলেজের জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।একই রাতে জালালাবাদ থানার পুলিশ দলটি আবুল কাশেম, হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ, আবদুস সালাম, আকিক হোসেন, আমিনুল ইসলাম, সাদিক আল হোসেন, আবদুর রহিম, রফিকুল আলম নামে আটজন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ১১ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পরের দিন পুলিশ ও আহত ছাত্ররা বাদী হয়ে জালালাবাদ থানায় তিনটি মামলা করে। এসব মামলায় গত শনিবার সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের জামায়াত-সমর্থক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জালাল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষ ও মামলার ঘটনার প্রতিবাদে ছাত্রশিবির সংবাদ সম্মেলন করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে। গত রোববার থেকে শিবিরের ধর্মঘট শুরু হয়।কোতোয়ালি ও জালালাবাদ থানা সূত্র জানায়, গতকাল সোমবার ধর্মঘট আহ্বানকারীরা বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসে হামলা ও দুই শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় পুলিশ ওই তিন মামলার আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে।জালালাবাদ থানায় দায়ের করা তিন মামলার তদন্ত কর্মকর্তা যথাক্রমে উপপরিদর্শক (এসআই) কাজী কামালউদ্দিন, আইয়ুব আলী ও আবদুল লতিফ প্রথম আলো অনলাইনকে জানান, গ্রেপ্তার করা আসামিরা শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ১১ জানুয়ারি সংঘর্ষের মামলায় অভিযুক্ত।