শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নেহারীপাড়ার ১ নম্বর রোডে একটি মেস থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।মৃত সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কালিদহ গ্রামে। তাঁর বাবার নাম বশীর উদ্দিন।সাইফুলের রুমমেট সৃজন বড়ুয়া জানিয়েছেন, গতকাল রাত তিনটার দিকে সাইফুল ঘুমাতে যান। আজ সকাল সাড়ে নয়টার দিকে সৃজন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় সাইফুলকে দরজা বন্ধ করার জন্য ডাকেন। বেশ কয়েকবার ডাকার পর কোনো সাড়া না পেয়ে তিনি সাইফুলকে জাগাতে গিয়ে দেখেন, তাঁর শরীর ঠান্ডা। তিনি কোনো সাড়া দিচ্ছেন না। পরে তিনি বিষয়টি মেসের অন্য সদস্যদের ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। বেলা ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক সাইফুলকে মৃত ঘোষণা করেন।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে জানান, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, ‘খবর পাওয়ার পর আমরা অ্যাম্বুলেন্সে করে সাইফুলকে হাসপাতালে নিয়ে গিয়েছি। চিকিত্সকেরা প্রাথমিকভাবে বলছে, সে হয়তো স্ট্রোক করে মারা গেছে।’