শাহজালালে আবার আন্দোলন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রধানের অপসারণের দাবিতে আবার আন্দোলন শুরু করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা একটা থেকে তাঁরা বিভাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগীয় প্রধান মো. আতিউল্লাহকে অপসারণের দাবিতে গত রোববার উপাচার্য মো. সালেহ উদ্দিন বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে তাঁর বিরুদ্ধে ক্লাস ও পরীক্ষা পেছানো, ফলাফল প্রকাশে বিলম্ব ও ‘ইংলিশ কাউন্সিল’ নামের বিভাগীয় একটি সমিতির অর্থ আত্মসাত্সহ ১৬টি অভিযোগ আনা হয়। এর পরদিন সোমবার সকাল থেকে শ্রেণীকক্ষ ও বিভাগীয় প্রধানের কক্ষে তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আট সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে দেখা করে। তাঁরা ৭২ ঘণ্টার মধ্যে বিভাগীয় প্রধানকে অপসারণ করার দাবি জানান। অন্যথায় আজ দুপুর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আজ দুপুরে ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সঙ্গে দেখা করে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেন।শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন তাঁদের দাবির ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আবার এ আন্দোলনে নেমেছেন।এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য প্রথম আলো ডটকমকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।