শাহজালালে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে শিবিরের হাতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্র ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছেন শিবিরের কর্মীরা। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক চলছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানায়, গোলাম আজম কারা হেফাজতে থাকার খবর শুনে বিকেল চারটার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগ আনন্দ মিছিল করে। সন্ধ্যার পর বিভিন্ন আবাসিক হলেও ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ করেন। এ সময় শাহপরান হলে ছাত্রলীগের কয়েকজন কর্মী শিবিরের ধাওয়া খেয়ে ক্যাম্পাসে ফিরে আসেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে শাহপরান ও বঙ্গবন্ধু হলে গেলে শিবির-ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। উভয় পক্ষের মধ্যে তখন বিচ্ছিন্ন সংঘর্ষ হয়।সংঘর্ষে ছাত্রলীগের কর্মী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র প্রসেনজিত্ চৌধুরী, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মুজতবা চৌধুরী ও সত্যজিত্ দাস আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরপর ছাত্রলীগ ক্যাম্পাসে সংগঠিত হওয়ার চেষ্টা করলে ক্যাম্পাসের শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে যোগ দেয় বহিরাগত শিবির ক্যাডাররা। তারা সৈয়দ মুজতবা আলী হলের পেছন দিক থেকে সশস্ত্র অবস্থায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে থাকে। এ খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পেছনে গিয়ে অবস্থান নেন। এ সময় শিবির একটি অ্যাম্বুলেন্স ও চিকিত্সাকেন্দ্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে আসে। পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেওয়ার পর ছাত্রলীগ ‘রাজাকার ধরো...’ স্লোগান তুলে বিভিন্ন আবাসিক হলে যায়।এ সময় শাহপরান আবাসিক হলে শিবির সমর্থক ছাত্রদের ২০টি ও এবং বঙ্গবন্ধু হলের ৩০টি কক্ষ ছাত্রলীগ কর্মীরা তছনছ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আবাসিক হলগুলোতে পুলিশের অভিযান চলছে।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, গোলাম আযম আটক হওয়ায় আনন্দ মিছিল করে ছাত্রলীগের কর্মীরা যার যার হলে যান। এ সময় শিবিরের ক্যাডাররা হামলা চালায়। বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেওয়ার পরও পুলিশ শিবিরদের গ্রেপ্তার করেনি। এ সুযোগে অ্যাম্বুলেন্স ও চিকিত্সা কেন্দ্র ভাঙচুর করেছে শিবির।মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আযম মুজাহিদ রুমির সঙ্গে কথা বলা যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে শিবিরের মহানগর শাখার একজন নেতা জানান, ছাত্রলীগ বিকেলে ক্যাম্পাসে মিছিল করেই হলগুলোতে সশস্ত্র অবস্থায় হামলা চালায়। ছাত্রলীগ হল থেকে শিবিরের নেতা-কর্মীদের বের করতে গিয়ে লুটপাট চালায়। এতে বাধা দিতে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের আত্মীয়রা ক্যাম্পাসে গিয়ে ফিরে এসেছেন।ক্যাম্পাসে অবস্থানরত সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) রওশনুজ্জামান জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আবাসিক হলে বহিরাগত সন্ত্রাসী থাকতে পারে ধারণা করে পুলিশ অভিযানে নেমেছে। আবাসিক হলের কক্ষ ভাঙচুর হয়েছে জানিয়ে শাহপরান হলের প্রাধ্যক্ষ মোস্তাবুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বহিরাগত সন্ত্রাসীসহ শিবির কর্মীরা হলে প্রবেশ করেছিল। পুলিশ নিয়ে বহিরাগতদের বের করে দিতে তল্লাশি চালানো হচ্ছে।’