শাহজালালে জাল রুপিসহ পাকিস্তানি গ্রেপ্তার
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ লাখ ভারতীয় জাল রুপিসহ শামীম নাজ (৪৭) নামের এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে আজ মহানগর পুলিশের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর চারটার দিকে ডিবির একটি দল শাহজালাল বিমানবন্দরে অভিযান চালায়। একপর্যায়ে ডিবি পুলিশ বিমানবন্দরের ক্যানপি এলাকা থেকে শামীম নাজকে গ্রেপ্তার করে। তাঁর কাছে থাকা লাগেজ থেকে ৪৮ লাখ মূল্যমানের ভারতীয় রুপি উদ্ধার করা হয়।ডিবির উপকমিশনার বলেন, এই জাল রুপি ভারতে পাচার করতে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে আসছিল একটি চক্র। শামীম নাজ অত্যন্ত সুকৌশলে লাগেজের করে উপমহাদেশের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে জাল রুপি পাচার করে আসছিলেন।ডিবির জিজ্ঞাসাবাদে শামীম নাজ জানান, তিনি পাকিস্তান থেকে এ জাল রুপি নিয়ে আবুধাবি হয়ে বাংলাদেশে এসেছেন। এর আগেও তিনি বাংলাদেশে ৮-১০ বার এসেছেন। আজ তাঁর স্বামী করিম মোহাম্মদ নূর আলী বিমানবন্দরে তাঁকে গ্রহণ করার কথা ছিল। নূর আলী আগে থেকে বাংলাদেশে অবস্থান করছেন।মনিরুল ইসলাম আরও জানান, ভারতীয় জাল রুপি পাচারকারীদের একটি চক্রের নাম ও ঠিকানা পাওয়া গেছে। শামীম নাজ মূলত বাহক হিসেবে জাল রুপি নিয়ে আসেন। এরপর তা চক্রের সদস্যদের হাতে তুলে দেন।আজকের সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, ডিএমপি গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রাহমান। এ ছড়া ব্রিফিং চলাকালে জাল রুপিসহ শামীম নাজকে হাজির করা হয়।