শাহজালালে ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি
স্নাতক সমাপনী পরীক্ষার ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর থেকে বিভাগীয় প্রধানের কক্ষের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। বেলা দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এই কর্মসূচি চলছে।শিক্ষার্থীদের অভিযোগ, ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের স্নাতক সমাপনী পরীক্ষা শেষ হওয়ার এক বছর পেরিয়ে গেলেও ফল প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে আজ তাঁরা এই কর্মসূচি পালন করছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ২০০৬-২০০৭ সালের শিক্ষার্থীরা নৃবিজ্ঞানের বিভাগীয় প্রধানের কক্ষের সামনে জড়ো হন। এরপর তাঁরা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন।এ ব্যাপারে বিভাগীয় প্রধান আবদুল আউয়াল প্রথম আলো ডটকমকে বলেন, শিক্ষার্থীদের ফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয়েছে। এখন শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। বিভাগীয় কোনো শিক্ষকের ইন্ধনে শিক্ষার্থীরা এ আন্দোলন করতে পারে বলে মনে করছেন তিনি।বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন ও এক মাসের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। কিন্তু কোনো বিভাগই এই আইন মানছে না। এ বিষয়ে ১০ জুলাই প্রথম আলোতে ‘ফলাফল জটে ভজকট শিক্ষাজীবন’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়।