শাহজালালে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পয়লা ফাল্গুন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২তম বিশ্ববিদ্যালয় দিবস। প্রতিবছরের মতো এবারও বসন্তের আমেজে পালিত হয়েছে বিশ্ববিদ্যালয় দিবস।আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় নেচে-গেয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে শোভাযাত্রায় লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমিন হক, তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ শামসুল আলম, সাধারণ সম্পাদক মস্তাবুর রহমান, কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের প্রধান আখতারুল ইসলাম, গণিত বিভাগের প্রধান রাশেদ তালুকদার, রসায়ন বিভাগের প্রধান এস এম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রাধ্যক্ষ রোখসানা বেগম, প্রক্টর হিমাদ্রী শেখর রায়সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। এতে শিক্ষকেরা উপস্থিত সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ২২ বছরে জাতিকে অনেক কিছু দিতে পেরেছে। ভবিষ্যতেও জাতির প্রয়োজনে অনেক কিছু দিয়ে যাবে।’ইয়াসমিন হক বলেন, ‘সারা দেশ যেমন জেগেছে, তেমনি এই বিশ্ববিদ্যালয়ও জেগেছে।’শিক্ষার্থীদের উদ্দেশে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তোমাদের কারণে আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে। সবাইকে বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের শুভেচ্ছা।’ এ ছাড়া শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ শামসুল আলমও বক্তব্য দেন। প্রাপ্তি-অপ্রাপ্তিশিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২২ বছরে অনেক প্রাপ্তির পাশাপাশি রয়েছে কিছু অপ্রাপ্তিও। প্রাপ্তির তালিকায় যোগ হয়েছে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন ও ই-মেইল সুবিধা, দেশে প্রথমবারের মতো মুঠোফোনে ঝামেলাবিহীন ভর্তি-প্রক্রিয়া চালু, হল ও একাডেমিক ভবনগুলোতে বিনা মূল্যে ওয়াইফাই প্রযুক্তি সুবিধা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম সর্বাধিক বই ও তথ্যসমৃদ্ধ মুক্তিযুদ্ধ কর্নার, এসিএম প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিশ্বের ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নেওয়া, বাংলাদেশে গণিত অলিম্পিয়াড ও দাবা অলিম্পিয়াড শুরু করা, একই সঙ্গে দুটি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুবিধা।চলতি মাসে চালু হচ্ছে ই-পেমেন্ট সুবিধা। এ ছাড়া নানা ক্ষেত্রে অবদান রাখছে বিশ্ববিদ্যালয়টি। আগামী জুন মাস নাগাদ বিশ্ববিদ্যালয়টিকে পূর্ণাঙ্গ ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়ার প্রক্রিয়া চলছে।প্রাপ্তির পাশাপাশি রয়েছে অপ্রাপ্তিও। গত ২২ বছরেও গঠিত হয়নি সিনেট। তাই একাডেমিক ভবনগুলোর নামকরণসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে। পরিবহন, শ্রেণীকক্ষ ও আবাসনসংকট এখনো কাটেনি। মহাপরিকল্পনায় ৫০০ একর জমি অধিগ্রহণ করার কথা থাকলেও আছে মাত্র ৩২০ একর।