শাহজালালে ভারপ্রাপ্ত উপাচার্য তালাবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ আতিউল্লাহর অপসারণের দাবিতে এবার উপাচার্য ভবনে তালা লাগিয়ে দিয়েছেন ওই বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের ভবনের সামনে এসে ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন ছুটিতে আছেন। প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়ায় ভেতরে আটকা পড়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াসউদ্দিন বিশ্বাস।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর থেকে ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ আতিউল্লাহর অপসারণের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় তাঁরা প্রথম কয়েক দফায় বিভাগে অবস্থান ধর্মঘট পালন করলেও এবার উপাচার্যের ভবনে তালা দিলেন।শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোহাম্মদ আতিউল্লাহকে স্বপদে বহাল রাখতে টালবাহানা করছে। তাঁরা শিগগিরই তাঁকে অপসারণ করে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার দাবি জানান।মোহাম্মদ আতিউল্লাহর বিরুদ্ধে ক্লাস ও পরীক্ষা পেছানো, ফলাফল প্রকাশে গাফিলতি ও বিলম্ব, বিভাগের ইংলিশ কাউন্সিলের অর্থ আত্মসাত্সহ ১৬টি অভিযোগ আনা হয়েছে। ২০০৯ সালে নানা অনিয়মের অভিযোগে তাঁকে এক বছরের ছুটিতে পাঠানো হয়েছিল। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াসউদ্দিন বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগীয় প্রধানকে অপসারণের ক্ষমতা উপাচার্যের নেই। বিষয়টি নিয়ে সিন্ডিকেট সভা ডাকার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে তিনি জানান।