শাহজালালে শিক্ষার্থীদের আমরণ অনশন
ছুটিতে থাকা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নজরুল ইসলামের অপসারণের দাবিতে আজ সোমবার আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন ওই অনুষদের শিক্ষার্থীরা।আজ সোমবার বেলা ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। এতে কার্যালয়ে আটকা পড়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস।শিক্ষার্থীদের দাবি, নজরুল ইসলামকে ছুটিতে পাঠানোর কথা বলে প্রশাসন তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। বাধ্যতামূলক ছুটির কথা বলে প্রশাসন প্রকৃতপক্ষে তাঁকে নৈমিত্তিক ছুটি দিয়েছে। নজরুল ইসলাম কয়েকটি সেমিস্টারের শিক্ষার্থীদের ফলাফলের নথিতে স্বাক্ষর করছেন না এবং বিভাগের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের কিছুই করার নেই। এ ছাড়া নজরুল ইসলাম আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে নজরুল ইসলামের অপসারণ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন। বেলা সোয়া ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তাঁরা।এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে অবরুদ্ধ ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানকে কাজ চালিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের কাজ চালিয়ে যেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। শিক্ষার্থীরা এখন কেন আন্দোলন করছেন বুঝতে পারছি না।’সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই অনুষদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নজরুল ইসলাম ছুটিতে যান। এরপর সৈয়দ তৌফিক মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়।