শাহজালালে ১২৪ কেজি সোনা উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের কাঠমান্ডু থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় ১২৪ কেজি ২২১ গ্রাম সোনা পাওয়া গেছে। উদ্ধার হওয়া সোনার দাম ৫৩ কোটি ২০ লাখ টাকা। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা এই সোনা উদ্ধার করেন। বিমানবন্দর কাস্টমসের অতিরিক্ত কমিশনার লুত্ফর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, বেলা আড়াইটার সময় কাঠমান্ডু থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেলা পৌনে তিনটার দিকে শুল্ক কর্মকর্তারা বিমানের কার্গো হোল্ডের ভেতর পরিত্যক্ত অবস্থায় এই সোনা দেখতে পান। ১০৬৫টি সোনার বারের প্রতিটি বারের ওজন প্রায় ১০ তোলা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সোনার কোনো বুকিং না থাকায় বিমানটির কোনো কর্মী ছাড়া এই বিপুল পরিমাণ সোনা এখানে রাখা সম্ভব ছিল না।বিমানবন্দরের কাস্টমস কমিশনার জাকিয়া সুলতানা প্রথম আলো ডটকমকে বলেন, গত ২০ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় সোনা উদ্ধার হওয়ার ঘটনা।