শাহজালালের দুই ছাত্র নিহত: এক হামলাকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে নদীতে ফেলে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। হামলায় জড়িত একজনকে আজ রোববার গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে নৌকায় হামলার সঙ্গে জড়িত সাতজনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে র্যাব ও সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ তত্পরতা চালিয়েছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী নৌকায় গত শুক্রবার সন্ধ্যায় হামলার পর গতকাল সকালে নদী থেকে দুই ছাত্র খায়রুল কবীর ও দীপঙ্কর ঘোষ অনীকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে নৌকার মাঝি গুলজারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে জালালাবাদ থানায় হত্যা মামলা করেন।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, র্যাবের হাতে আটক ওই যুবকের নাম ছইফুল মিয়া (৩০)। ঘটনাস্থলের পার্শ্ববর্তী চেঙ্গেরখাল এলাকার নীলগাঁওয়ে ছইফুলের বাড়ি। তিনি এ ঘটনায় জড়িত অন্য সাতজনের নাম ও ঠিকানা বলেছেন। বখাটেপনার সূত্র ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে বলে ওসি ও র্যাব-৯ এর স্পেশাল কোম্পানি অফিসার ফজলে শাহিন হক নিশ্চিত করেছেন।ক্যাম্পাসে শোকযাত্রা ও শোকসভা: আজ ক্যাম্পাসে শোকযাত্রা ও শোকসভা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোকযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি: সাধারণ শিক্ষার্থীরা আজ গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো খায়রুল ও অনীকের হত্যাকারীদের ফাঁসি, প্রক্টরের পদত্যাগ এবং লাশের অবমাননাকারী সাবেক সহকারী প্রক্টর ফারুক উদ্দিনকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।