জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল ১৯৯৮ সালের সম্মেলনে। এ কমিটি দায়িত্ব পালন করে ২০০১ সাল পর্যন্ত। এরপর আর কোনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি।দুই বছর আহ্বায়ক কমিটি দায়িত্ব পালনের পর ২০০৩ সালে সম্মেলন হয়। তবে সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মাত্র পাঁচটি পদে নির্বাচন হয়। ওই কমিটির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের মধ্যে দ্বন্দ্বের কারণে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠিত হয়নি। এ অবস্থায় দীর্ঘ ছয় বছর চলার পর ২০০৯ সালে পাঁচ সদস্যের ওই কমিটি ভেঙে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরাতে এ উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত ওই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের নিরসন হয়নি। বরং নিজ নিজ সমর্থকদের জেলা কমিটিতে স্থান পাইয়ে দেওয়ার তৎপরতা নিয়ে দ্বন্দ্ব আরও প্রকট হয়, যে কারণে অনুষ্ঠিত হয়নি জেলা সম্মেলনও। অবশেষে জেলা বিএনপির চির বিবদমান দুটি পক্ষ শিবগঞ্জ আসনের সাবেক সাংসদ শাহজাহান মিয়া ও সদর আসনের সাবেক সাংসদ হারুনুর রশিদের মধ্যে অবশেষে সমঝোতা হওয়ায় ৩ মে কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠিত হয়। প্রায় আট বছর পর গঠিত এই কমিটি নিয়েও নেতা-কর্মীদের একাংশের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও হতাশা। অভিযোগ রয়েছে, শাহজাহান মিয়ার সমর্থকেরা গত সংসদ নির্বাচনে সদর আসনে হারুনুর রশিদের পক্ষে কাজ না করে জামায়াতের প্রার্থীকে সমর্থন করেছেন। অন্যদিকে শাহজাহান মিয়ার সমর্থকেরা মনে করেন, কানসাট বিদ্যুৎ আন্দোলনের সময় শাহজাহান মিয়ার বিপক্ষে হারুনুর রশিদের গোপন ইন্ধন ছিল।নতুন কমিটিতে শাহজাহান মিয়া সভাপতি, হারুনুর রশিদের স্ত্রী ও সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস। এ প্রসঙ্গে আসিফা আশরাফী প্রথম আলোকে বলেন, ‘অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে ছিলাম বহু দিন বহু বছর ধরে। এসব আর কত! এ নিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। ক্ষতিগ্রস্তও হচ্ছিলাম উভয় পক্ষ। আর এ দ্বন্দ্বের সুযোগ নিয়ে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই—এমন কিছু ব্যক্তি জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসার চেষ্টা করছিল। আমাদের মধ্যে সমঝোতার কারণে তাদের সে পথ রুদ্ধ হলো। এখন জেলার সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করছি।’তবে নতুন কমিটিতে স্থান হয়নি শাহজাহান মিয়ার সমর্থক বেশ কয়েকজন ত্যাগী নেতার। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আমীর আলী, সাবেক সহসভাপতি এমদাদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ।এ ব্যাপারে আবদুল ওয়াহেদ বলেন, ‘ব্যক্তিস্বার্থে মো. শাহজাহান মিয়া আমাদের সঙ্গে বেইমানি করে হারুন-পাপিয়ার সঙ্গে অসম সমঝোতা স্থাপন করেছেন। এ কারণে যাঁরা জন্মলগ্ন থেকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন, তাঁদের নবগঠিত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। শাহজাহান মিয়ার এই অনৈতিক সমঝোতার কারণেই আসিফা আশরাফী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে পেরেছেন। নইলে আসিফা আশরাফী একাধারে মহিলা সাংসদ, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, সদর থানা বিএনপির সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসম্পাদক থাকার পরও তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হন কী করে? আমরা পুরোনো নেতা-কর্মীরা এ নতুন কমিটিকে প্রত্যাখ্যান করছি।’ গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যান ও গত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হওয়ার পরও নতুন কমিটিতে আমার স্থান হয়নি। কোনো সুবিবেচনা থেকে এ জেলা কমিটি গঠিত হয়নি। এ ব্যাপারে আমি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে লিখিত আবেদন জানিয়েছি।’এসব বিষয় নিয়ে শাহজাহান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আমার সমর্থকদের সঙ্গে বেইমানি করেছি, এ কথা কেউ সরাসরি আমাকে বলেনি। তা ছাড়া জেলা কমিটিতে সবাইকে স্থান দেওয়া তো সম্ভব নয়।’