শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ছয়টি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের উৎপাদনে থাকা চারটি ইউনিটের মধ্যে আরও একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ১২ অক্টোবর থেকে ৯ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা যান্ত্রিক ত্রুটি ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় এ ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন। এ পর্যন্ত নয়টি ইউনিটের মধ্যে একে একে ছয়টি ইউনিটই বন্ধ হয়ে যায়। এখন জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মাত্র তিনটি ইউনিট দিয়ে।শাহজিবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র সূত্রে জানা যায়, ১৯৬৮ সালের ৭ সেপ্টেম্বর নয়টি ইউনিটে ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এশিয়ার বৃহত্তম শাহজিবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হয়। এক যুগ ধরে ইউনিটগুলোয় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রকৌশলীরা জোড়াতালি দিয়ে ইউনিটগুলো চালু রাখেন। ২০০৬ সালের ২৬ জুন ১, ৩ ও ৭ নম্বর ইউনিটটি মেয়াদোত্তীর্ণ এবং ৪ নম্বর ইউনিটটিও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে ৫, ৬ ও ৮ নম্বর ইউনিটগুলো ওভারহোলিংয়ের মাধ্যমে চালু রয়েছে, যা থেকে ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ৫ ও ৬ নম্বর ইউনিটটি যেকোনো সময় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সদ্য বন্ধ হয়ে যাওয়া ৯ নম্বর ইউনিট ফের চালু করার জন্য ১৪ অক্টোবর সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে নির্বাহী প্রকৌশলী মো. বোরহান উদ্দিনকে আনা হয়েছে। স্থানীয় প্রকৌশল বিভাগের লোকজন নিয়ে তিনি বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি চালু করতে ব্যর্থ হয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর দীর্ঘদিন বিকল থাকা ৫ নম্বর ইউনিট স্থানীয় প্রকৌশল ও সংরক্ষণ বিভাগের কর্মচারীরা প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সুইজারল্যান্ড থেকে আমদানি করা প্রো-কন্ট্রোল কার্ড প্রতিস্থাপন করে সচল করে।শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সিবিএর সাধারণ সম্পাদক আজিজুল মতিন বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকা ৫ ও ৬ নম্বর ইউনিটটি চালু করার জন্য মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্তের মাধ্যমে সচিব মহোদয়ের কাছে আবেদন করি। আবেদনের পরিপ্রেক্ষিতে সচিব গত ২ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করে ইউনিট দুটি চালুর আশ্বাস দেন। পরে ৮৫ লাখ টাকা ব্যয়ে ৫ ও ৬ নম্বর ইউনিটটি গত ১৯ সেপ্টেম্বর আমাদের স্থানীয় প্রকৌশলীরা চালুু করেন। ওই দিন থেকেই আমরা জাতীয় গ্রিডে ২০ মেগাওয়াট বিদ্যুৎ বেশি সরবরাহ করতে পারি। ৯ নম্বর ইউনিটটি চালু করা না হলে ৫ ও ৬ নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যেতে পারে।’শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ সেন সত্যতা স্বীকার করে প্রথম আলোকে জানান, ১, ৩ ও ৭ নম্বর ইউনিটটি মেয়াদোত্তীর্ণ হয়ে অবসরে চলে গেছে। বর্তমানে ৫, ৬ ও ৮ নম্বর ইউনিট থেকে ৫৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে, আর ৯ নম্বর ইউনিটটি সংরক্ষণের কাজ দ্রুতগতিতে চলছে।