শাহপরান গেটে ওভারব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর
কণিকা দেবী। শিশু শিলন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। বাসা নোয়াগাঁও এলাকায়। নিজ বাসা থেকে বিদ্যালয়ে যেতে তার সময় লাগে প্রায় ১০ মিনিট। কিন্তু বিদ্যালয়ের খুব কাছে এসে প্রতিদিন পড়তে হয় বিড়ম্বনায়। ব্যস্ততম সিলেট-তামাবিল সড়কের অপর পাশে বিদ্যালয়টি হওয়ায় কণিকাকে রাস্তাটি হেঁটে পার হয়ে তবেই বিদ্যালয়ে যেতে হয়। কিন্তু এ রাস্তা দিয়ে সার্বক্ষণিক ট্রাক, বাস, অটোরিকশা আর দ্রুতগতির গাড়ি চলাচল করে। ফলে পারাপারে সমস্যায় পড়তে হয়। শুধু কণিকা নয়, তার মতো কয়েক সহস্রাধিক শিক্ষার্থীকে ওই রাস্তাটি পাড়ি দিতে গিয়ে প্রতিদিনই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ওই এলাকা ঘিরে রয়েছে অন্তত ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীর ওই রাস্তাটি হেঁটে পার হতে হয়। এ অবস্থায় ১০ মিনিটের জায়গায় সময় ব্যয় হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। শিক্ষার্থীসহ এলাকাবাসীর দাবি, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে শাহপরান গেট বাজার এলাকায় একটি ওভারব্রিজ নির্মাণ করা হোক। সরেজমিনে গিয়ে দেখা যায়, সিলেট সদর উপজেলার শাহপরান গেট বাজারটি উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত। দক্ষিণে হজরত শাহপরানের (রহ.) মাজারসহ বিভিন্ন দোকানপাট এবং উত্তর দিকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কার্যালয়, ব্যাংকসহ বিভিন্ন স্থাপনা অবস্থিত। বাজারের ঠিক মধ্যভাগ দিয়ে চলে গেছে সিলেট-তামাবিল মহাসড়ক। কোনো ধরনের ওভারব্রিজ না থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে মহাসড়কটি পাড়ি দিতে হচ্ছে। এক পাশের লোকজন অপরপাশে যাওয়ার সময় ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটছে। শিশু শিলন কিন্ডারগার্টেনের পরিচালিকা রুখসানা আমজাদ চৌধুরী বলেন, ‘বড়দের পথ চলাচলে হয়তো তেমন একটা সমস্যা হয় না, তবে নারী ও খুদে শিক্ষার্থীদের রাস্তা পারাপারে প্রতিবন্ধকতা হচ্ছে। এটি বিবেচনায় নিয়ে সরকারের সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত।’শাহপরান বাজার কমিটির সভাপতি আমজাদ চৌধুরী বলেন, ‘শাহপরান গেট এলাকাটি অত্যন্ত ব্যস্ততম একটি স্থান। এখানে হজরত শাহপরানের (রহ.) মাজার থাকায় প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে ভিড় করছেন। ফলে সব সময় যানবাহনের ভিড় লেগেই থাকে। তাই পথ চলাচলে মানুষের সুবিধার জন্য জরুরি ভিত্তিতে একটি ওভারব্রিজ নির্মাণ করা উচিত।’ সোনারতরী শিশু পাঠাগারের পরিচালক গীতি কবি প্রবীর দেবনাথ বলেন, ‘সিলেট শহরতলির মধ্যে শাহপরান গেট এলাকার মতো ব্যস্ততম অন্য আরেকটি জায়গা আছে বলে আমাদের জানা নেই। প্রতিদিন অসংখ্য মানুষ আর যানবাহন চলাচল করে তামাবিল সড়ক দিয়ে। যানবাহনগুলোর বেপরোয়া চলাচলে আশপাশের এলাকার খুদে শিক্ষার্থীদের রাস্তা পারাপারে সমস্যা হচ্ছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে এলাকাবাসী সরকারের বিভিন্ন পর্যায়ে একটি ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন।সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীব জনসাধারণের দুর্ভোগের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা সড়ক ও জনপথ বিভাগকে ওই জায়গায় স্পিডব্রেকার নির্মাণ করে দেওয়ার কথা বলেছি। এটি নির্মাণ করা হলে যানবাহন দ্রুতগতিতে চলার বিষয়টি সামান্য হলেও রোধ হবে।’