শাহপরীর দ্বীপে ১৪৪ ধারা জারি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে আজ শনিবার ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ বেলা দুইটা থেকে রাত দুইটা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। জানা গেছে, স্থানীয় ছাত্রদল ও ছাত্রলীগ শাহপরীর দ্বীপের হাজি বশির আহমদ উচ্চবিদ্যালয় মাঠে আজ শনিবার পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী আয়োজনের ঘোষণা দেয়। একে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন এ পদক্ষেপ নেয়।ছাত্রদলের শাহপরীর দ্বীপ শাখার সভাপতি আবদুল মাবুত প্রথম আলো ডটকমকে বলেন, ‘২০ রমজানের পর থেকে ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি হিসেবে দলীয়ভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছিল। হঠাত্ করে ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিতে একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়ে মাইকিং করায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’ছাত্রলীগের শাহপরীর দ্বীপ শাখার সভাপতি আবদুল বাসেত বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নেতা আজহারুল ইসলামকে আটকের পর ছাত্রদলের ছত্রচ্ছায়ায় ছাত্রশিবির সরকারবিরোধী কার্যকলাপের অংশ হিসেবে এ কর্মসূচির ঘোষণা দেয়। তাই প্রশাসন সংঘাত এড়াতে ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মাইকিং নিষিদ্ধ করেছে।’ টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, ঈদের পর আজ স্থানীয় ছাত্রলীগ-ছাত্রদল শাহপরীর দ্বীপের হাজি বশির আহমদ উচ্চবিদ্যালয় মাঠে ‘ঈদ পুনর্মিলনী’ নামে সভা ডাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।