শাহবাগ আমাদের তাড়িয়ে বেড়াবে
ফেব্রুয়ারির ১৬ তারিখে পারভেজ হুদভয় এই ‘ট্রিবিউন’ পত্রিকাতেই একটি প্রবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, কেন পাকিস্তানের শিক্ষার্থীরা শাহবাগ স্কয়ার নিয়ে কোনো কথা বলতে চায় না বা এটা সম্পর্ক কিছু জানতেও চায় না। কাকতালীয়ভাবে, আমিও যখন কয়েক দিন আগে আমার কিছু ছাত্রছাত্রীকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম, তখন আমিও পেয়েছিলাম এই একই রকম ফাঁকা দৃষ্টি। প্রথম প্রশ্নটা হচ্ছে, কেন আমাদের গণমাধ্যম ঢাকার এই প্রতিবাদের ব্যাপারটা প্রকাশ করছে না। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, কেন আমরা শাহবাগের তরুণদের প্রতিবাদ সম্পর্কে জানার পরও এটা নিয়ে আগ্রহ দেখাচ্ছি না বা ভাবতে চাইছি না।গত দশকে বা আরেকটু বেশি সময়ে আমাদের দেশের গণমাধ্যম অনেকটাই বিকশিত হয়েছে। আর এখন এটা অনেকাংশেই মুক্ত—কোনো কোনো ক্ষেত্রে ভয়ংকরভাবে— যদিও গণমাধ্যমের ক্ষেত্রে ‘মুক্ত’ শব্দটির পাশাপাশি চলে আসে পক্ষপাতহীনতার ব্যাপার। আর যদি একটা গণমাধ্যম একই সঙ্গে ‘মুক্ত ও নিরপেক্ষতার’ বিচারে পরিচালিত না হয়, তাহলে সেই গণমাধ্যমের স্বাধীনতা হয়ে যায় ফাঁপা। শাহবাগ স্কয়ারের প্রতিবাদ বা ১৯৭০-১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার করতে বাংলাদেশ সরকার যে ট্রাইবুন্যাল গঠন করেছে—এই ঘটনাগুলো সরাসরিই পাকিস্তানের সঙ্গে জড়িত। আর তাই এসব বিষয় ক্রমাগত উপেক্ষা করে যাওয়াটা শুধু অন্যায্যই নয়, অনৈতিকও বটে। আমি আশা করব, এখন অন্তত পাকিস্তানের ‘মুক্ত ও নিরপেক্ষ’ গণমাধ্যমের পতাকাবাহকেরা শাহবাগ স্কয়ারের খবরগুলোর অনুপস্থিতির বিষয়টি এড়িয়ে যাবেন না এবং সেগুলো সংশোধনের দায়িত্ব নেবেন।বলা হয়েছে যে, সত্যিকারের সমস্যা হচ্ছে, পাকিস্তানের নাগরিকেরা ১৯৭০-৭১ সালের ঘটনাগুলো নিয়ে আলাপ করতে আগ্রহী নয়। যেন ব্যাপারটা এমন যে, তখন কী ঘটেছিল সেটা এড়িয়ে যেতে পারলে বা তার সঙ্গে সংযুক্ত না হলেই সেগুলো উবে যাবে। না, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তেমনটা হবে না। ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই কারণে নয় যে, সেটা নিজে থেকেই পুনরাবৃত্তি ঘটায় বা ইতিহাসের গুরুত্বপূর্ণ শিক্ষা আছে; বরং ইতিহাস এ জন্যও গুরুত্বপূর্ণ যে, বারবার ঐতিহাসিক ঘটনাগুলো অগ্রাহ্য করা একটা দেশের জাতিগত চেতনায় প্রভাব ফেলে এবং পুরো দেশই অতীতের ঘটনাগুলোর কাছে জিম্মি হয়ে থাকে। আমরা যেমন এখনো ১৯৪৭ সালের ঘটনাগুলোর কাছে জিম্মি হয়ে আছি। আর এখনো আমরা সেগুলো মোকাবিলা করতে অস্বীকার করে যাচ্ছি। তেমনি আমরা এখনো ১৯৭০-৭১ সালে ঘটে যাওয়া ঘটনাগুলোর সামনাসামনি দাঁড়াচ্ছি না। ১৯৪৭ সালের ঘটনাগুলো মোকাবিলা না করার ফলে এখন ভারত সম্পর্কে আমাদের একটা বাজে ধারণা গড়ে উঠেছে। আমরা ভারতীয় মুসলিমদের (আমাদের শেখানোও হয়েছে এভাবে যে, ভারতের অগ্রগামী মুসলিমরা ‘সত্যিকারের মুসলিম নয়’) অর্জনগুলো সহ্য করতে পারি না। আর দেশের মধ্যে আমরা এই অগ্রাহ্য করার সংস্কৃতি ও বিচ্ছিন্নতামূলক পাকিস্তানের দাবি জিইয়ে রেখেছি, যেগুলোর প্রভাব আমরা প্রায়শই পরিষ্কারভাবে দেখতে পাই আহমদিয়া, শিয়া, খ্রিষ্টান ও হিন্দুদের ওপর হামলার ঘটনার মধ্যে।একইভাবে, ১৯৭০-৭১ সালের ঘটনাগুলোর দিকেও দৃষ্টি দিতে না চাওয়ায় আমরা এখনো আমাদের অন্য প্রদেশগুলো নিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে আছি। এবং আমরা নিজেদের আলাদা আলাদা পরিচিতি নিয়ে গর্ব বোধ করতে পারি না। আমরা ভয় পাই, সিন্ধু আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ সেখানকার মানুষ উর্দুর পাশাপাশি তাদের ভাষারও স্বীকৃতি চায়। আমরা বেলুচিস্তানে একটা সামরিক অভিযান চালিয়েছি; তার প্রধান কারণ হলো, সেখানকার মানুষ তাদের প্রদেশটি নিজেরাই পরিচালনা করতে চেয়েছে। আমরা অস্বস্তিতে আছি এটা ভেবে যে, দক্ষিণ পাঞ্জাব ও ভাওয়ালপুর আলাদা প্রদেশ হয়ে যায় কি না। সেখানে একটা আকস্মিক অভ্যুত্থান ঘটে যায় কি না—এই ভয়ে আমরা ব্যাপারগুলো নিয়ে আলাপ করতে অস্বীকৃতি জানিয়েছি এবং আমরা গিলগিট-বাল্টিস্তানের মানুষের পূর্ণ নাগরিক অধিকার দিইনি। এগুলোর বেশির ভাগই হচ্ছে ওই বিগত দিনের ঘটনাগুলোর ভূত। আমরা সেগুলো নিয়ে ভাবতে চাই না, অগ্রাহ্য করি আর আশা করি যে, আলৌকিকভাবে সেগুলো নিজে থেকেই গায়েব হয়ে যাবে।সম্প্রতি আমি আমার শিক্ষার্থীদের প্রশ্ন করেছিলাম, কেন তারা চার বছরের বেশি সময় ধরে পাকিস্তানের ইতিহাসবিষয়ক একই পাঠ্যসূচি পড়ে যাচ্ছে। যখন বছরের পর বছর ধরে একই ঘটনার পুনরাবৃত্তিই তাদের করে যেতে হচ্ছে, তাহলে সেটা তারা করছে কেন। খুব অল্প কিছু শিক্ষার্থী এর কারণ চিহ্নিত করতে পেরেছিল। আর এই পুনরাবৃত্তি একজনের মধ্যে বিরক্তি ও ক্লান্তি তৈরি করে। এবং তারা একসময় এসব বিষয়ে কোনো রকম প্রশ্ন করা বন্ধ করে দেয়। এ কারণেই, একজন শিক্ষার্থী বলেছিল, পাকিস্তান স্টাডিজের সব উত্তরই এক।কিছু ঘটনা সম্পর্কে মিথ্যার পুনরাবৃত্তি আর সত্যকে জোর করে গায়েব করে দেওয়ার চেষ্টা করার মাধ্যমে ইতিহাসকে যদি এত সহজে পুরোপুরি মুছে ফেলা সম্ভব হতো, তাহলে হয়তো আমি ইতিহাসের শিক্ষক হিসেবে চাকরি পেতাম না। আর আমার বিভাগ বন্ধ হয়ে যেত।পাকিস্তানি সরকারের জন্য এটাই সুবর্ণ সময়, তত্কালীন পূর্ব পাকিস্তানের মানুষের ওপর তারা যে বর্বরতা চালিয়েছিল, সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা। সত্য ঘটনা সামনে নিয়ে আসবে এমন ঐতিহাসিক দলিলগুলো এত দিন তারা লুকিয়ে রেখেছে। সেগুলো সবার জন্য উন্মুক্ত করতে রাজি হতে হবে। সে সময়কার যেসব অপরাধী এখনো বেঁচে আছে, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। জনসমক্ষে ঘোষণা দিতে হবে যে, ১৯৭০-৭১ সালে আমরা একটা জাতি হিসেবে, হ্যাঁ, আমরা, সামগ্রিকভাবে যা করেছি তার জন্য আমরা দুঃখিত।হাজার হাজার বাংলাদেশি, যারা আমাদের সঙ্গে একসময় একই দেশের নাগরিক ছিল, আমাদের মুসলিম ভাইয়েরা এখনো শাহবাগ স্কয়ারে আমাদের উত্তরের অপেক্ষায় রয়েছে।ইয়াকুব খান বাঙ্গাস: লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজের ইতিহাস বিভাগের প্রধান