শাহবাগ থেকে রায়েরবাজার। তারপর মিরপুর, শত শহীদের রক্তে ভেজা মিরপুর। গণজাগরণ মঞ্চের কর্মীদের ছোঁয়ায় সেই মিরপুর যেন জেগে উঠেছিল গতকাল সোমবার। বুদ্ধিজীবী কবরস্থান আর জল্লাদখানার স্মৃতি-শোক নয়, প্রতিরোধ আর প্রতিশোধের দৃপ্ত স্লোগানে প্রকম্পিত হয়েছিল চারদিক। ১০ নম্বর গোলচত্বর থেকে শেওড়াপাড়া, মিরপুর ২ নম্বর, পল্লবী আর ভাষানটেক পর্যন্ত ছড়িয়ে পড়েছিল জনতার সমাবেশ।মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে হাতে হাত রেখে মিরপুরবাসী শাহবাগের আন্দোলনের সঙ্গে ঐকতান তৈরি করে গতকাল। সমাবেশ থেকে জনতা শপথ নিয়েছেন, জামায়াত-শিবির নিষিদ্ধসহ গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবি যত দিন পূরণ না হবে, তত দিন কেউ বাড়ি ফিরে যাবেন না। গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানিদানকারী হিসেবে চিহ্নিত করে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবি ওঠে মিরপুরের সমাবেশ থেকে। শাহবাগের গণজাগরণ মঞ্চের আদলে সমাবেশস্থলে কাদের মোল্লা, গোলাম আযম, মতিউর রহমান নিজামীসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের কুশপুত্তলিকা পোড়ানো হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে মিরপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমাবেশে যোগ দেয়। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জাগরণ সমাবেশ শেষে নতুন কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা। মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তাঁরা আজ মঙ্গলবার বিকেল চারটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবেন। তাঁকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি দেওয়া হবে। কাল বুধবার মতিঝিলে তৃতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান বক্তারা। আপস নয়: আন্দোলনের অন্যতম সংগঠক ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার যুদ্ধাপরাধীদের সব সংগঠন ও প্রতিষ্ঠান বর্জন করার শপথ করান। তিনি সরকারের উদ্দেশে বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে কোনো আপস নয়। এ ছাড়া তিনি ইসলামী ব্যাংক, আমার দেশ ও নয়া দিগন্ত পত্রিকা বর্জন করতে এবং প্রত্যেককে নিজের জায়গা থেকে আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানান। আন্দোলনের ধরন সম্পর্কে ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা অহিংস আন্দোলন করছি। সহিংসতার আশ্রয় নিইনি। তার মানে এই নয় যে আমাদের সেই শক্তি নেই।’জামায়াতের সঙ্গে আলেমরা নেই: সমাবেশে বাংলাদেশ মুফতি বোর্ডের চেয়ারম্যান মুফতি মাহবুবুর রহমান জামায়াত-শিবিরের সঙ্গে বাংলাদেশ ও ভারতের মুসলিম আলেম সমাজ একমত নয় বলে জানান। তিনি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, জামায়াতসহ ধর্মভিত্তিক ১২ দল ইসলামের নামে অন্যায় করছে। তাদের সঙ্গে দেশের আলেম-ওলামাদের কোনো সম্পর্ক নেই।সমাবেশে ছাত্রনেতাদের মধ্যে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকসহ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতারা বক্তব্য দেন। তাঁরা জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানান। মাগরিবের আজান দেওয়ার আগেই সমাবেশ শেষ করা হয়। কঠোর নিরাপত্তা: এদিকে সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিরপুরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়। দুপুর ১২টা থেকে তালতলা, মিরপুর ১ নম্বর, ১৪ নম্বর ও পল্লবীর প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়। সেখানে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়। ১০ নম্বর গোলচত্বরের চারপাশে পুলিশের তিনটি সাঁজোয়া যান মোতায়েন করা হয়। গোলচত্বর ওভারব্রিজের ওপরে ও বিভিন্ন স্থানে র্যাবের ২০০ জন সদস্য অবস্থান নেন।বেলা দুইটা থেকে মিরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একে একে মিছিল সমাবেশস্থলে পৌঁছাতে থাকে। ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে রাখা মঞ্চে মিরপুর সাংস্কৃতিক ফোরামের সদস্যরা প্রতিবাদী গান ও কবিতা পাঠ করতে থাকেন। শাহবাগের জাগরণ মঞ্চের নেতারা এসে পৌঁছলে বেলা সাড়ে তিনটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। শুরুতে বিডিআরে বিদ্রোহে নিহত সেনাসদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশস্থলের পাশেই জাগরণ মঞ্চের দাবির পক্ষে স্বাক্ষর সংগ্রহ অভিযানও চলে।আবার শপথ: মহাসমাবেশ শেষে সবাই দাঁড়িয়ে হাত তুলে ইমরান এইচ সরকারের সঙ্গে শপথবাক্য পড়েন। এ সময় যে যেখানে আছেন, সেখানে থেকেই সবাইকে শপথ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। ইমরানের সঙ্গে সঙ্গে মহাসমাবেশে উপস্থিত সবাই বলেন: ‘আমরা শপথ করছি যে, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব, যুদ্ধাপরাধী, দেশবিরোধী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সন্ত্রাসী সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, যুদ্ধাপরাধীদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আমরা বর্জন করব এবং যুদ্ধাপরাধীদের গণমাধ্যম বয়কট করব।’শাহবাগে গণস্বাক্ষর চলছে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। সেটা দুই দিন আগের ঘটনা। নিজে স্বাক্ষর করার পর প্রজন্ম চত্বরের মিডিয়া সেন্টার থেকে আরও কিছু কাগজ নিয়ে গিয়েছিলেন তিনি। গতকাল আবার এলেন ওই কাগজগুলো ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্য। মাত্র দুই দিনে তিনি সংগ্রহ করে এনেছেন শ পাঁচেক স্বাক্ষর।সাভারের ষাটোর্ধ্ব এই মুক্তিযোদ্ধা বললেন, ‘এই বয়সে তরুণদের আন্দোলনের জন্য আর কীই-বা করতে পারি? তবে এই কথা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি, রাজাকার-আলবদরের ফাঁসির এই আন্দোলনে আছি। থাকব সব সময়।’ সানারপাড় থেকে আসা আরেক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন বলেন, ‘আমি এসেছি। আরও লোকজন পাঠাব স্বাক্ষর দেওয়ার জন্য। আসলে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন ঘুরে দাঁড়াতে হবে।’প্রজন্ম চত্বরে স্বাক্ষর সংগ্রহের দায়িত্বে নিযুক্ত তরুণদের সঙ্গে কথা বলে জানা গেল, মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে স্বাক্ষর শাহবাগে লাখ ছাড়িয়ে গেছে। তাঁরা বলেন, সারা দেশেই চলছে স্বাক্ষর সংগ্রহ। বিদেশেও বাঙালিরা স্বাক্ষর সংগ্রহ করছেন। তাই শেষ পর্যন্ত কত স্বাক্ষর সংগৃহীত হবে, তা এখনই বলা সম্ভব নয়।