শাহবাগ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত: সেক্টর কমান্ডারস
রাজধানীর শাহবাগে মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে চলমান প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত-শিবির। তাই এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। এ ছাড়া ব্লগার রাজীব হায়দার সম্পর্কে মিথ্যা প্রচারপত্র ছড়ানোর কারণে বিচারপতি মিজানুর রহমান ভূঁঞার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে ফোরাম। আজ বুধবার সংগঠনটির পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার, ভাইস চেয়ারম্যান এ কে এম সফিউল্লাহ, সি আর দত্ত, আবু ওসমান চৌধুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, ‘মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নতুন প্রজন্মের নবজাগরণে ভীতসন্ত্রস্ত হয়ে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও তাদের পৃষ্ঠপোষকেরা পবিত্র ধর্ম ও মহানবীর নাম ব্যবহার করে জনমনে নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এই অপশক্তি ১৯৭১ সালের মতোই নব প্রজন্মের মুক্তিযোদ্ধাদের ‘মুরতাদ’ আখ্যায়িত করার অপকৌশল নিয়েছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, নব প্রজন্মের এই নবজাগরণ একাত্তরের পবিত্র জাতীয় চেতনায় বাংলাদেশের হূত মর্যাদা পুনরুদ্ধারে ঐতিহাসিক ভূমিকা পালন করছে। আমরা দেশের সব বীর মুক্তিযোদ্ধা ও আপামর জনসাধারণকে জামায়াত-শিবির চক্রের এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে যার যার অবস্থান থেকে নতুন প্রজন্মের জাগরণকে সর্বাত্মক সমর্থন করার আহ্বান জানাচ্ছি।’বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের উচ্চ আদালতের একজন বিচারপতি মিজানুর রহমান ভূঁঞা সম্প্রতি নব প্রজন্মের ব্লগার ও শাহবাগ আন্দোলনের প্রথম শহীদ আহমেদ রাজীব হায়দারকে “মুরতাদ” উল্লেখ করে প্রচারপত্র বিলি করার মতো অপকর্মে জড়িত হয়েছেন। এর মাধ্যমে বিচারপতি তাঁর সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। আমরা অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই বিতর্কিত বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিচার বিভাগের নিরপেক্ষতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার দাবি জানাচ্ছি।’