বিরোধী দলের নেতা খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের আন্দোলনের বিরুদ্ধে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‘অনভিপ্রেত’ ও ‘শিষ্টাচারবহির্ভূত’ বলে চিহ্নিত করেছেন তরুণেরা। আজ শনিবার রাত পৌনে আটটার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের তথ্যকেন্দ্রের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার এই দাবি জানান। তিনি বলেন, ‘গণজাগরণ মঞ্চ বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার “অনভিপ্রেত বক্তব্যে” আশাহত।’ তাঁর বক্তব্য প্রত্যাহার করার জন্য মঞ্চের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জাগরণ মঞ্চের নেতৃত্বকে ‘নষ্ট’, ‘নাস্তিক’ হিসেবে উল্লেখ করায় বিরোধী দলের নেতাকে ধিক্কার জানানো হয়। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। গণজাগরণ মঞ্চ শুরু থেকে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে বিবৃতি দিয়েছে। কিন্তু তিনি একদিকে মঞ্চকে বিকৃত করে “ফঞ্চ” বলেছেন, অন্যদিকে নিজেই “মঞ্চ” নির্মাণের ডাক দিয়েছেন।’ এতে গণজাগরণ মঞ্চের জনপ্রিয়তা ও বিরোধী নেত্রীর স্ববিরোধিতা ধরা পড়েছে বলে মন্তব্য করেন তরুণেরা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুরু থেকেই গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মোয়াজ্জিনসহ দেশের প্রধান মসজিদের ওলামা, আলেম, পীর, মাশায়েখসহ খ্যাতনামা ইসলামি চিন্তাবিদেরা একাত্ম হয়ে আছেন। গণজাগরণ মঞ্চের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে। এই ধর্মপ্রাণ মানুষদের ‘নাস্তিক’ বলে বিরোধী দলের নেতা মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছেন বলেও মন্তব্য করেন তাঁরা। গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা কালীমন্দিরসংলগ্ন মাঠে এক জনসভায় খালেদা জিয়া শাহবাগের গণজাগরণ মঞ্চকে ‘আওয়ামী লীগ ঘরানার ও নাস্তিকদের চত্বর’ বলে আখ্যায়িত করেছেন। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘এসব মঞ্চ-ফঞ্চ বন্ধ করুন। তা না হলে জনগণ ঢাকার দিকে রওনা হবে। সেখানে গড়ে তুলবে জনগণের মঞ্চ।’