শাহবাগ মোড়ের তিন দিকের সড়কে গাড়ি চলছে
রাজধানীর শাহবাগ মোড়ের তিন দিকের সড়ক যান চলাচলের জন্য আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে খুলে দেওয়া হয়েছে। শাহবাগে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জাকির প্রথম আলো ডটকমকে জানান, কর্তৃপক্ষের নির্দেশে শাহবাগ মোড়ের তিন দিকের ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে। শাহবাগ-কাঁটাবন, শাহবাগ-মত্স্যভবন, শাহবাগ-রূপসী বাংলা সড়কগুলোর ব্যারিকেড তুলে নেওয়ায় সেখানে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। তবে শাহবাগ থেকে টিএসসির দিকে যাওয়ার সড়কটি এখনো বন্ধ রয়েছে। এই পথে হেঁটে যাতায়াতকারীদের তল্লাশি করা হচ্ছে।গতকাল শুক্রবার শাহবাগের প্রজন্ম চত্বরে নারী জাগরণী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ চলাকালে মঞ্চের পেছনের দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে র্যাবের এক সদস্য আহত হন। এ ঘটনার পর শাহবাগের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।এদিকে আজ বিকেল পাঁচটার দিকে জাতীয় জাদুঘরের সামনের গণজাগরণ মঞ্চে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। সেখানে স্লোগান ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।এ ছাড়া যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফা দাবির সমর্থনে গণস্বাক্ষর কর্মসূচি ২২ মার্চ পর্যন্ত চলবে।নতুন কর্মসূচি গতকাল শাহবাগের প্রজন্ম চত্বরে নারী জাগরণী সমাবেশ থেকে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। ১০ মার্চ: বেলা তিনটায় রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের চৌরাস্তায় সমাবেশ।১৩ মার্চ: বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বেলা তিনটায় লালদীঘির ময়দানে সমাবেশ।১৫ মার্চ: বেলা তিনটায় ঢাকার অদূরে আশুলিয়ায় সমাবেশ।১৬ মার্চ: সারা দেশে জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে বেলা ১১টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশ।মঞ্চে নিরাপত্তায় পুলিশের পরামর্শশাহবাগের গণজাগরণ মঞ্চের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আসা ব্যক্তিদের ব্যাগ বা পোঁটলা বহন না করাসহ কয়েকটি পরামর্শ মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল রাতে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।বিজ্ঞপ্তিতে পুলিশের ব্যারিকেডের ভেতরে মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন নিয়ে না ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা ক্লাব, কাঁটাবন ক্রসিং ও চারুকলার সামনে স্থাপিত ব্যারিকেডের বাইরে যানবাহন রেখে সমাবেশে যেতে বলা হয়েছে।এ ছাড়া গণমাধ্যমকর্মীদের যানবাহনও ব্যারিকেডের ভেতরে না ঢোকাতে বলা হয়েছে। তবে সরাসরি সম্প্রচারের যন্ত্রপাতিসহ যানবাহন ব্যারিকেডের ভেতরে ঢোকানো যাবে।কোনো কিছু বা কোনো ব্যক্তিকে সন্দেহ হলে শাহবাগের অস্থায়ী পুলিশ নিয়ন্ত্রণকক্ষে জানাতে বলা হয়েছে।ওই বিজ্ঞপ্তিতে ট্রাফিকের নির্দেশনা ও পুলিশের পরামর্শ মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।আন্দোলনের শুরুএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ। আজ সেই আন্দোলনের ৩৩তম দিন।