শাহবাগে অনশনের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁচে থাকলে শহীদ রুমীর বয়স হতো ৬২। তাই শাহবাগে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে অনশনকারী রুমী স্কোয়াডের অনশনকারীরা ৬২টি মোম জ্বালিয়ে উদ্যাপন করলেন শহীদ শাফী ইমাম রুমীর জন্মদিনটি। গতকাল শুক্রবার রাত আটটায় যখন মোম জ্বালানো হচ্ছিল, ততক্ষণে অনশনের ৭০ ঘণ্টা পূর্ণ হয়ে গেছে। এরই মধ্যে গত ২৬ মার্চ রাত ১০টায় যে সাতজন অনশনের সূত্রপাত করেছিলেন, তাঁদের একজন মানিক সূত্রধর গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আগের দিন বৃহস্পতিবার থেকেই মানিকের অবস্থা খারাপ হচ্ছিল। এর মধ্যে তাঁকে তিনবার স্যালাইন দেওয়া হয়। গতকাল সকালে ওঠে দাঁড়াতে গিয়ে পড়ে যান মানিক। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। গণজাগরণ মঞ্চের ২১ ফেব্রুয়ারির মহাসমাবেশ থেকে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত-শিবিরের নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ২৬ মার্চ পর্যন্ত যে দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছিল, সরকার এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শহীদ রুমী স্কোয়াডের সাত তরুণ সাদাত হাসান, কাজী আকাশ, নাজমুল ভুঁইয়া, মানিক সূত্রধর, মেহেদী হাসান, শরিফুল আনন্দ ও রুবাইয়াত দীপ জাতীয় জাদুঘরের মূল গেটে এই অনশন কর্মসূচির শুরু করেন। গত বুধবার স্কুলশিক্ষক মোহাম্মদ আলিফ প্রধান ও সাফি নামের একজন ব্লগার এতে যোগ দেন। বৃহস্পতিবার যুক্ত হন সাকি ফারজানা, এইচ আই হামজা, স্বাগতম সাহা, নাসির মোরশেদ ও সৈয়দ ফায়েজ আহমেদ। গতকাল রাজশাহী থেকে স্কুলশিক্ষক ফারহানা ইয়াসমিন এসে অনশনকারীদের তালিকায় নিজেকে যুক্ত করেন।শহীদ রুমী স্কোয়াডের পক্ষ থেকে যে যেখানে আছেন সেখানে থেকে দুই ঘণ্টার প্রতীকী অনশন করার যে আহ্বান জানানো হয়েছিল, গতকাল তাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় অনশনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে কয়েক শ মানুষ প্রতীকী অনশন করেন।গতকাল সকালে অনশনকারীদের সঙ্গে সংহতি জানাতে এসেছিলেন ভাষা সংগ্রামী আবদুল মতিন, সন্ধ্যায় এলেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। শুক্রবার রাত ১২টায় ২৮টি সংগঠন নিয়ে গঠিত গণজাগরণ সংস্কৃতি মঞ্চ এসে যোগ দিয়েছে অনশনকারীদের সঙ্গে। গণজাগরণ সংস্কৃতি মঞ্চের যুগ্ম আহ্বায়ক নূর বাহাদুর জানান, তাঁরা আজ রাত ১২টা পর্যন্ত শহীদ রুমী স্কোয়াডের সঙ্গে অনশন পালন করবেন। গণজাগরণ সংস্কৃতি মঞ্চে অন্তর্ভুক্ত সংগঠনগুলো হচ্ছে সাংস্কৃতিক ইউনিয়ন, তীরন্দাজ, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকার মঞ্চ, গণশিল্পী, সার্কেল শাহবাগ, তারুণ্য ১৩, সংস্কৃতির নয়াসেতু, রুটস, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ক্র্যাক প্ল্যাটুন, সেক্টর ১৩, জাহানারা ইমাম স্কোয়াড, শহীদ রুমী স্কোয়াড, সূর্যসারথী, মেঘদল, প্রাচ্যনাট, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ, সমগীত, গণমুক্তির গানের দল, মনোসরণি, ফাঁসির মঞ্চ, এমসিজে ফিল্ম ক্লাব, স্ট্যামফোর্ড ফিল্ম স্টুডেন্ট সিনে ফোরাম ও বোধন।রুমী স্কোয়াডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে খুলনাতেও শুরু হয়েছে ৩৬ ঘণ্টার অনশন কর্মসূচি। শহরের শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে অনশনে যোগদানকারী রুমী স্কোয়াড সদস্যরা হলেন নাসরুম ইসলাম, ফয়সাল আফ্রিদি ও নিতাই বর্মণ।এদিকে গতকালও বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত গণজাগরণ মঞ্চে ছিল আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।