শাহবাগে অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে দাবি মানতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। আজ সোমবার বেলা একটার দিকে সংগঠনটি অবরোধ তুলে নেওয়ার সময় সরকারকে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়।একই সময়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় আজকের মানববন্ধন কর্মসূচি শেষ করেছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।ওই দুটি সংগঠনের অবরোধ ও মানববন্ধন কর্মসূচির কারণে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে প্রচণ্ড দুর্ভোগে পড়েন ওই এলাকা দিয়ে চলাচলকারী নগরবাসী। বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল মনসুর প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের কোর্সে যা পড়ানো হয়, তা পুরোপুরি ডেন্টাল সার্জারির। এখানে টেকনোলজির কোনো বিষয় নেই। সিলেবাসের সঙ্গে কোর্সের নামের মিল না থাকায় পাস করার পর তাঁরা চাকরি পান না। কোর্সের নাম পরিবর্তনসহ কয়েকটি দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত বছরের ১৮ নভেম্বর স্বাস্থ্যসচিব এক মাসের মধ্যে দাবি মানার আশ্বাস দিয়েছিলেন, তবে এখনো সেই দাবি মানা হয়নি। তাই তাঁরা আজ অবরোধ কর্মসূচি পালন করেছেন।পাঁচ দফা মধ্যে রয়েছে—বর্তমান সিলেবাসের আলোকে কোর্সের নাম বদলে ব্যাচেলর অব ডেন্টিস্ট্রি বা বিএসসি ইন ডেন্টিস্ট্রি করা, কোর্সটি বিএমডিসি কর্তৃক অনুমোদন দেওয়া, সরকারি হাসপাতালগুলোতে পদ সৃষ্টি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি।সংগঠনের আহ্বায়ক আরও বলেন, দাবি মানতে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সংগঠনের যুগ্ম মহাসচিব খোরশেদ আলম সুমন প্রথম আলো ডটকমকে জানান, সেশনজটসহ নানা কারণে পাস করে বের হতে হতে একজন শিক্ষার্থীর বয়স ২৭ থেকে ২৮ বছর হয়ে যায়। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থাকায় বেশি দিন আবেদনের সুযোগ পাওয়া যায় না। অথচ সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানো হয়েছে। তাই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন। আর এরই ধারাবাহিকতায় আজকের অবরোধ কর্মসূচি পালন করা হয়।