শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে আবার অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। আজ রোববার রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কয়েক শ তরুণ-তরুণী অবস্থান নিয়েছেন। তাঁরা মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের মামলার রায় উপলক্ষে তরুণ-তরুণীরা সেখানে জমায়েত হয়েছেন। কাল সোমবার গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।রাত সাড়ে আটটার দিকে মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার উপস্থিত সাংবাদিকদের বলেন, মামলার রায়ের কারণে তাঁরা শাহবাগসহ সারা দেশে অবস্থান নিয়েছেন। রায় না হওয়া পর্যন্ত তাঁরা শাহবাগে থাকবেন।এর আগে দুপুরের দিকে মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল প্রথম আলো ডটকমকে বলেছিলেন, ইফতারের পরপরই তাঁরা শাহবাগে অবস্থান নেবেন। বিভিন্ন ছাত্রসংগঠনসহ সংশ্লিষ্ট মহলের সঙ্গে গণজাগরণ মঞ্চের আলাপ-আলোচনা হয়েছে। মারুফ রসুল আরও জানান, রমজান মাস হওয়ায় অবস্থানের সময়সীমা নির্ধারণ করা হয়নি।প্রসঙ্গত, জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে প্রথমবারের মতো তরুণ প্রজন্মের সমাবেশ ঘটেছিল, পরে যার নাম হয়েছে গণজাগরণ মঞ্চ। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সে সময় তাঁরা শাহবাগে লাগাতার অবস্থান নিয়েছিলেন। একপর্যায়ে তাঁরা লাগাতার অবস্থান থেকে সরে এসে ঘোষণা দেন, মানবতাবিরোধী অপরাধের রায়ের আগের দিন থেকে তাঁরা শাহবাগে অবস্থান নেবেন।