শাহবাগে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান
রাজধানীর শাহবাগ থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা থেকে এ অভিযান শুরু হয়। ডিসিসি সূত্রে জানা গেছে, কাল শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত এ অভিযান চলবে।শাহবাগ থানা সূত্র জানায়, অভিযানের শুরুতেই রাতে শাহবাগ মোড় থেকে নয়টি বিলবোর্ড ভেঙে ফেলা হয়। সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ বলেন, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য স্থানেও এ অভিযান চলবে।ঢাকা সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরে যেকোনো বিলবোর্ড তুলতে হলে অবকাঠামো প্রকৌশলীর অনুমতি নিতে হয়। এগুলো এমনভাবে করতে হয়, যাতে ঝড়-বৃষ্টিতে ভেঙে না পড়ে। কিন্তু ডিসিসির অনুমতি ছাড়া লাগানো অনেক ঝুঁকিপূর্ণ বিলবোর্ড রয়েছে। এগুলো উচ্ছেদ করা হবে।সিরাজুল ইসলাম জানান, অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। ২৬ মার্চ ধানমন্ডি মাঠ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত, ১ এপ্রিল কুড়িল মোড় থেকে নতুন বাজার পর্যন্ত, ৮ এপ্রিল ফার্মগেট থেকে বিজয় সরণি পর্যন্ত এবং ১৫ এপ্রিল আগারগাঁও মোড় ও সংলগ্ন স্থানে অভিযান চলবে। এ ছাড়া বিলবোর্ডের নীতিমালা নিয়ে ২৩ মার্চ ডিসিসি বিজ্ঞাপনী সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে।