শাহবাগে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু
রাজধানীর শাহবাগ থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় এ অভিযান শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান চলে। শাহবাগ থানা সূত্র জানায়, অভিযানের শুরুতেই রাতে শাহবাগ মোড় থেকে নয়টি বিলবোর্ড ভেঙে ফেলা হয়। সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ বলেন, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য স্থানেও এ অভিযান চলবে। ঢাকা সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরে যেকোনো বিলবোর্ড তুলতে হলে অবকাঠামো প্রকৌশলীর অনুমতি নিতে হয়। এগুলো এমনভাবে করতে হয়, যাতে ঝড়-বৃষ্টিতে ভেঙে না পড়ে। কিন্তু ডিসিসির অনুমতি ছাড়া লাগানো অনেক ঝুঁকিপূর্ণ বিলবোর্ড রয়েছে। এগুলো উচ্ছেদ করা হবে। ডিসিসির এক কর্মকর্তা বলেন, যন্ত্রপাতি ও লোকবলের অভাবে নিয়মিত অভিযান চালানো সম্ভব হয় না। তবে বৃহস্পতিবারের অভিযান চালানোর জন্য অতিরিক্ত যন্ত্রপাতি ও লোকবল আনা হয়েছে।সিরাজুল ইসলাম জানান, অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। ২৬ মার্চ ধানমন্ডি মাঠ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত এলাকা, ১ এপ্রিল কুড়িল মোড় থেকে নতুন বাজার পর্যন্ত, ৮ এপ্রিল ফার্মগেট থেকে বিজয় সরণি পর্যন্ত এবং ১৫ এপ্রিল আগারগাঁও মোড় ও সংলগ্ন স্থানে অভিযান চলবে। এ ছাড়া বিলবোর্ডের নীতিমালা নিয়ে ২৩ মার্চ ডিসিসি বিজ্ঞাপনী সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে। ডিসিসির হিসাব অনুযায়ী, ঢাকা শহরে অন্তত আড়াই হাজার অবৈধ বিলবোর্ড আছে। অনুমোদনহীন এসব বিলবোর্ডের কারণে নগরের যেমন সৌন্দর্যহানি হচ্ছে, তেমনি নিরাপত্তা-ঝুঁকিতে আছে সাধারণ মানুষ। কারণ সামান্য ঝড়-বৃষ্টিতেই এগুলো ভেঙে পড়ে। গত সোমবার রাতে গুলশানে এমন একটি বিলবোর্ড ভেঙে দুজন নিহত হন। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয়েছে।