শাহবাগে নারী জাগরণী সমাবেশ ৮ মার্চ (ভিডিও)
শাহবাগের প্রজন্ম চত্বরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারী জাগরণী সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।আজ রোববার বিকেলে রাজধানীর বাহাদুর শাহ পার্কের গণজাগরণ সমাবেশ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়। নারী জাগরণী সমাবেশে বিভিন্ন নারী সংগঠন ও দেশের সর্বস্তরের নারীদের উপস্থিত হওয়ার জন্য সমাবেশ থেকে আহ্বান জানানো হয়েছে। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ৮ মার্চ শাহবাগের গণজাগরণ মঞ্চ নারীদের জন্য মঞ্চ উন্মুক্ত থাকবে। নারীরাই ওই দিনের সমাবেশ পরিচালনা করবেন। এ ছাড়া আগামীকাল সোমবার জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়েছে। রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর ১০ নম্বর গোল চত্বর ও মতিঝিলের শাপলা চত্বরের পর আজ রাজধানীর বাহাদুর শাহ পার্কের সামনে রাস্তায় গণজাগরণ মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি শাহবাগের বাইরে গণজাগরণ মঞ্চের চতুর্থ সমাবেশ। দুপুরের পর থেকেই সমাবেশে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। বিকেল নাগাদ মানুষে মানুষে ভরে ওঠে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় বাহাদুর শাহ পার্ক। বিকেল চারটার দিকে পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। সমাবেশের শুরুতে গত ৫ ফেব্রুয়ারি আন্দোলন শুরু হওয়ার পর জামায়াত-শিবিরের সহিংসতায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিভিন্ন প্রগতিশীল দলের ছাত্রনেতা ও আয়োজকেরা সেখানে বক্তব্য দেন।