শাহবাগে নেই শুধু ছাত্রদল
আদর্শিক মতভেদ ভুলে কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে এককাট্টা হয়েছে প্রগতিশীল সব ছাত্র সংগঠন। সেখানে নেই শুধু জাতীয়তাবাদী ছাত্রদল। মূল সংগঠন বিএনপির মতো ছাত্রদলও প্রতিক্রিয়াহীন।ছাত্রদলের একাধিক সূত্র জানায়, সংগঠনটির অনেক তরুণ নেতা-কর্মীও কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া আদালতের রায় মন থেকে মেনে নিতে পারছেন না। কিন্তু দলীয় অবস্থানের কারণে তাঁরা অসহায়, কিছু বলতে পারছেন না।গতকাল মঙ্গলবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর থেকে প্রায় সব মহলে অসন্তোষ দেখা দেয়। অনলাইনে সংগঠিত হতে থাকেন ব্লগার ও ‘অনলাইন অ্যাক্টিভিস্টরা’। মূলত ব্লগ, ফেসবুকের মতো সামাজিক ওয়েব সাইটগুলোতে বার্তা ছড়াতে থাকে শাহবাগে অবরোধ গড়ে তোলা হবে। গতকাল বিকাল থেকে সেখানে জড়ো হতে থাকেন প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ, বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট শাহবাগের আন্দোলনে গিয়ে একাত্মতা প্রকাশ করে। সেখানে সব ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা আছেন। তবে তাঁদের দলীয় কোনো স্লোগান বা ব্যানার ব্যবহার করা হচ্ছে না। প্রগতিশীল সব ছাত্র সংগঠন থাকলেও সেখানে নেই ছাত্রদল। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।