শাহবাগে ফিজিওথেরাপির শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটা, আহত ২০
কলেজ ভবন নির্মাণের দাবিতে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের যাত্রা পুলিশ শাহবাগে আটকে দিয়েছে। পুলিশি বাধা পেরিয়ে শিক্ষার্থীরা সামনে যেতে চাইলে তাঁদের লাঠিপেটা করা হয়। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বেলা পৌনে তিনটায় চারজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছেন।শিক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করেন। চারুকলার সামনে গেলে পুলিশ তাঁদের আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে অন্তত ২০ জন আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ বর্ষের মুস্তাফিজুর রহমান, আরিফ, শাহীন; দ্বিতীয় বর্ষের আসাদ, হারুণ, নুপুর, শম্পা, প্রথম বর্ষের লিরা, প্রদীপ, মুন, শাম্মী, আসিফ, সঞ্চিতা, মামুনের নাম জানা গেছে।পুলিশের লাঠিপেটার পর শিক্ষার্থীরা শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনের রাস্তায় অবস্থান করেন। এ সময় আহত শিক্ষার্থীদের অনেকেই সেখানে শুয়ে পড়েন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অনশন পালন করার কারণে তাঁরা এমনিতেই অসুস্থ, এর ওপর পুলিশ ছাত্রছাত্রী-নির্বিশেষে লাঠিপেটা করেছে।তবে লাঠিপেটার কথা অস্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ফিজিওথেরাপি শিক্ষার্থীদের মিছিল চারুকলার সামনে আটকে দেওয়া হয়। কিন্তু লাঠিপেটা করা হয়নি। তাঁদের নিয়মতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে বলা হয়েছে।পরে ফিজিওথেরাপির চারজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে একজন কর্মকর্তার হাতে স্মারকলিপি দেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গত বছরের ১০ জুন কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এবং ৩১ জুলাইয়ের মধ্যে ভবনের নির্মাণকাজ করার ঘোষণা দেন। কিন্তু এক বছর পরও নির্মাণকাজ শুরু না হওয়ায় ২১ জুন থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে অনশন শুরু করেন। দাবি আদায় না হলে গত শনিবার শিক্ষার্থীরা আত্মাহুতি দেওয়ারও হুমকি দেন।