শাহবাগে ফুটওভারব্রিজ নির্মাণের আশ্বাস, অবরোধ প্রত্যাহার
আগামী ১৫ দিনের মধ্যে শাহবাগ মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হবে, এমন আশ্বাস পাওয়ার পর সেখান থেকে অবরোধ তুলে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা দেড়টার দিকে ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী সুলতানুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে এ আশ্বাস দেন। সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র তৌহিদুজ্জামানের মৃত্যুর ঘটনায় পাঁচ দফা দাবি আদায়ে দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তাঁর সহপাঠীরা। ওই সময় সেখান দিয়ে যান চলাচল বন্ধ থাকে। গতকাল শনিবার একই দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তাঁরা।আজকের সমাবেশের শুরুতেই শিক্ষার্থীরা দাবি করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তার স্বার্থে শাহবাগ এলাকায় পাতাল সড়ক (আন্ডারপাস) নির্মাণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে এমন আশ্বাস না দেওয়া পর্যন্ত এ অবরোধ অব্যাহত থাকবে বলেও ওই সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছিলেন।শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো: নিহত তৌহিদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, রাজধানী এক্সপ্রেস বাস কর্তৃপক্ষ ও চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, অতিসত্বর বিশ্ববিদ্যালয়ের শাহবাগ-নিউমার্কেট মোড়ে পাতাল সড়ক এবং দোয়েল চত্বর ও পলাশীর মোড়সহ অন্যান্য মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্টিকারবিহীন গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে অতিদ্রুত স্মারকলিপি দেওয়া। আজ সকাল সাড়ে ১০টার দিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে শিক্ষার্থীরা কলাভবনের সামনে জড়ো হতে থাকেন। এরপর তাঁরা মিছিল বের করেন। মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ওই মোড় সন্নিহিত প্রধান চারটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দেড়টার দিকে ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী সুলতানুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে এসে ১৫ দিনের মধ্যে শাহবাগ মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। সমাবেশস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বাম ছাত্রসংগঠনগুলো এ সমাবেশে সংহতি প্রকাশ করেছে।গত ২৮ আগস্ট শাহবাগ মোড়ে রাজধানী এক্সপ্রেসের একটি গাড়ির ধাক্কায় আহত হন তৌহিদুজ্জামান। পরে সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। রাতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় শতাধিক গাড়ি ভাঙচুর করেন।