রাজধানীর শাহবাগ মোড়ে গতকাল মঙ্গলবার বাসচাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যাপক যানবাহন ভাঙচুর ও একটি বাসে অগ্নিসংযোগ করেন।নিহত ওই ছাত্রের নাম তৌহিদুজ্জামান। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০৮ নম্বর কক্ষে থাকতেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া চারটার দিকে তৌহিদুজ্জামান ও তাঁর বন্ধু বিশ্বধর্মতত্ত্ব বিভাগের ছাত্র আবু বুখারী ফয়সাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় রাজধানী এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২১৩০) তাঁদের ধাক্কা দেয়। এতে তৌহিদ বাসের নিচে চাপা পড়েন। তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ল্যাবএইড ও গ্রীন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার দিকে গ্রীন লাইফ হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ফয়সাল প্রথম আলোকে বলেন, তাঁরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের আলোচনা সভা শেষে শাহবাগে আসেন। সিগন্যালের কারণে কাঁটাবনমুখী সড়কে যানগুলো থেমে ছিল। এ সুযোগে তাঁরা রাস্তা পার হচ্ছিলেন। রাজধানী এক্সপ্রেসের বাসটি হঠাৎ তৌহিদকে চাপা দেয়।প্রত্যক্ষদর্শী পথচারী মো. শহিদুজ্জামান বলেন, দুর্ঘটনার পর বাসযাত্রীরাই চালক মনোয়ার হোসেনকে বাস থামাতে বাধ্য করেন।সন্ধ্যার দিকে তৌহিদের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে তিন-চারটি গাড়ি ভাঙচুর করেন। পরে শাহবাগ থেকে বাংলামোটর, নিউমার্কেট, কাঁটাবনসহ আশপাশে আরও অর্ধশত যানবাহন ভাঙচুর করে। এ সময় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। শাহবাগ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সেও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।শিক্ষার্থীরা জানান, কিছু শিক্ষার্থী কাঁটাবন থেকে হাতিরপুলে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় সাঈদ বারী নামের এক ছাত্র গুলিবিদ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছাত্রদের অভিযোগ, জনৈক ব্যবসায়ী তাঁকে গুলি করেছেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে জানান, পরিবারের ইচ্ছা অনুযায়ী তৌহিদের লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শতাধিক গাড়ি ভাঙচুর করেছেন। ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। চালককে আদালতে পাঠানো হয়েছে।২০০৫ সালের ২৮ মে শাহবাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী শাম্মী আক্তার।