শাহবাগে ভাষাসৈনিক
মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে চলা আন্দোলনে আজ সোমবার একাত্মতা জানিয়েছেন ভাষাসৈনিক আবদুল মতিন। দুপুর ১২টা ২০ মিনিটে ভাষাসৈনিক হুইল চেয়ারে করে প্রজন্ম চত্বরে যান। ভাষাসৈনিক বলেন, সংগ্রাম শুরু হয়েছে অনেক আগে। যে সংগ্রাম চলছে, তা অব্যাহত থাকুক। এই সংগ্রামে সবাইকে থাকার জন্য আহ্বান জানান তিনি। ভাষাসৈনিকের বক্তব্যের পরে আন্দোলনকারীরা তাঁকে রাজাকারমুক্ত একটি বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে এই বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এর পর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ আন্দোলনে যোগ দেন। গত শুক্রবার লাখো জনতার মহাসমুদ্রের কেন্দ্রবিন্দু শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ নবজাগরণ মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আজ সোমবার আন্দোলনের সপ্তম দিনেও স্লোগান, কবিতা, বক্তৃতায় ফুটে ওঠা টগবগে প্রতিবাদে সরব গণজাগরণ মঞ্চ।