শাহবাগে যান চলাচল শুরু
টানা ১৭ দিন আন্দোলন চলার পর আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর দিয়ে যান চলাচল শুরু হয়েছে। দুপুর পৌনে ১২টার দিক থেকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বেশ কিছু মানুষ এখনো শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী আজ যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে শাহবাগ থেকে টিএসসির দিকের ওই সড়কে আন্দোলনকারীরা চাইলে থাকতে পারে।’যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের জাদুঘরের সামনে আন্দোলনরত লোকজনের একজন বাঙলা কলেজের শিক্ষার্থী শুভ্র মাহমুদ বলেন, ‘আমরা সাধারণ জনতার পক্ষে আন্দোলন করছি। যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার এখনো সম্পন্ন হয়নি, তাই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।’ ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্য নাজমুস সাকিব বলেন, ‘গতকাল আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি আজ সড়ক ছেড়ে দেব। অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন। তাই তাঁরা এখনো শাহবাগে অবস্থান করছেন। আমরা তাঁদের সাধুবাদ জানাই। তবে মিডিয়া সেলে গণস্বাক্ষর কর্মসূচি চলবে।’একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেল থেকে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন।শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে গতকাল বৃহস্পতিবার আগামী ২৬ মার্চের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ ছাড়া তাঁরা মাসব্যাপী নানা কর্মসূচি দেন।গণজাগরণ মঞ্চের কর্মসূচি২২ ফেব্রুয়ারি: আজ শুক্রবার মহান স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী জামায়াত-শিবির চক্রের হাতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জুমা প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা। একই সঙ্গে প্রতিটি মন্দির, গির্জা, প্যাগোডা এবং অন্যান্য ধর্মাবলম্বীর নিজ নিজ উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতিতে প্রার্থনা করা। ২৩ ফেব্রুয়ারি: এ দিন থেকে দাবি আদায়ে ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশ শুরু করবে গণজাগরণ মঞ্চ। প্রতিদিন বেলা তিনটায় সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি সমাবেশ হবে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ২৫ ফেব্রুয়ারি: মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সমাবেশ।২৭ ফেব্রুয়ারি: রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ। ৩ মার্চ: বাহাদুর শাহ পার্কে সমাবেশ।৫ মার্চ: যাত্রাবাড়ী চৌরাস্তায় সমাবেশ।৭ মার্চ: সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন, প্রতিবাদী গান ও সমাবেশ। এসব সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণেরা। গণস্বাক্ষর কর্মসূচি: এ ছাড়া আজ থেকে ৭ মার্চ পর্যন্ত দেশ ও দেশের বাইরে ছয় দফা দাবির প্রতি একাত্মতা জানানো মানুষের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে নিজ দায়িত্বে পরিবার, প্রতিবেশী, কর্মক্ষেত্র, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সবার স্বাক্ষর সংগ্রহ করে প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের ঠিকানায় পাঠাবেন। অনলাইনেও গণস্বাক্ষর করা যাবে। পরে অনলাইন সাইটের নাম জানিয়ে দেওয়া হবে। দেশব্যাপী সংগৃহীত এসব গণস্বাক্ষর সংগ্রহের জন্য শাহবাগের প্রজন্ম চত্বরে একটি সংগ্রহশালা থাকবে। এই গণস্বাক্ষর স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদে দেওয়া হবে।সংহতি সমাবেশ: ১ থেকে ২০ মার্চ পর্যন্ত দেশের প্রতিটি বিভাগীয় শহরে স্থানীয় জনসাধারণের সুবিধাজনক সময়ে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সংহতি সমাবেশ করা হবে। এসব সমাবেশের তারিখ পরবর্তী সময় ঘোষণা করা হবে।শাহবাগের প্রজন্ম চত্বর: আজ থেকে প্রজন্ম চত্বরে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। প্রতি শুক্রবার হবে প্রতিবাদী সমাবেশ। ১ মার্চ স্বাধীনতার মাসের সূচনা দিনে শাহবাগের প্রজন্ম চত্বরসহ সারা দেশের সব গণজাগরণ মঞ্চে প্রতিবাদী গান পরিবেশিত হবে। কর্মসূচি শুরু হবে বেলা তিনটায়। রায়ের আগের দিন জমায়েত: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি রায় ঘোষণার আগের দিন বেলা তিনটা থেকে প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে জমায়েত অনুষ্ঠিত হবে।