যুদ্ধাপরাধের বিচারের দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে সংহতি জানাতে গণজাগরণ মঞ্চে যাবেন না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এরশাদ জানান, তিনি শাহবাগ যাচ্ছেন না।১৪ ফেব্রুয়ারি এরশাদের বরাত দিয়ে তাঁর রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু গণমাধ্যমকে জানিয়েছিলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি করেছেন সাবেক এ রাষ্ট্রপতি। তবে আজ দেশে ফিরে এরশাদ জানান, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিকে তিনি সমর্থন করেছিলেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি বলেও দাবি করেন। তবে জামায়াত নিষিদ্ধ করা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেননি তিনি। এ প্রসঙ্গে কোনো কথা বলতে চান না বলেও জানান তিনি।গণজাগরণ মঞ্চে সংহতি জানাতে যাবেন বলে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন বলে জানান এরশাদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি মিথ্যে কথা। আমি শাহবাগ যাওয়ার কথা কাউকে বলিনি।’ যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রসঙ্গে তিনি বলেন, ‘এই রায়ে অনেকের প্রত্যাশা পূরণ হয়নি। তাই তাদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে শাহবাগ আন্দোলনের মাধ্যমে।’গণজাগরণ মঞ্চের তরুণ প্রজন্মের দাবি অনুযায়ী সরকার ইতিমধ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে। সংসদে ওই আইন সংশোধনের সময় কেউ তাঁকে অবহিত করেননি বলেও দাবি করেন এরশাদ।নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা হয়েছে বলে জানান এরশাদ। তিনি বলেন, ‘বর্তমান সংসদের নির্বাচিত সদস্যদের থেকে ১১ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা যেতে পারে। কিন্তু ওই সরকারের প্রধান কে হবেন তার ওপর নির্ভর করছে বিএনপি নির্বাচনে আসবে কি না।’যুক্তরাষ্ট্র সফরে সে দেশের রাজনীতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানান এরশাদ। বাংলাদেশের পোশাকশিল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সে দেশে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতা দিতে তিনি যুক্তরাষ্ট্র সরকারকে তিনি অনুরোধ জানান। সকাল সোয়া আটটার দিকে বিমানবন্দরে পৌঁছান এরশাদ। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।