শাহবাগে যেন আগুনঝরা ফাগুন (ভিডিও)
শাহবাগে বসন্ত যেন সত্যিই আগুনঝরা ফাগুন হয়ে এসেছে। সে আগুনে প্রতিবাদের ফুলকি। বসন্তের প্রথম দিনে আজ বুধবার শাহবাগের আন্দোলন নবম দিনে গড়াল। স্লোগান, কবিতা, গান আর দেশপ্রেমে উদ্বুদ্ধ জনতার কণ্ঠে একাত্তরের মানবতাবিরোধীদের ফাঁসির দাবি চলছেই।সকাল থেকে বাসন্তী রঙের শাড়ি পরা নারীরা দলে দলে আন্দোলনে যোগ দিচ্ছেন। ছেলেদের পরনেও দেখা গেছে বিভিন্ন রঙের পাঞ্জাবি। আন্দোলন আজ বাসন্তী রংকে ঘিরে বর্ণিল হয়ে উঠেছে।বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বসন্ত উৎসবের শোভাযাত্রা নিয়ে শাহবাগে এসে মিশেছে ও একাত্মতা ঘোষণা করেছে।শাহবাগে আজ প্রথম শোভাযাত্রা আসে বিশ্ব কলাকেন্দ্র থেকে। এরপর ঢাকা ওয়েস্টার্ন কলেজের একটি শোভাযাত্রা আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জনসমাগম। ঢাকা ওয়েস্টার্ন কলেজের এক শিক্ষার্থী জানান, প্রতিবছর নিজেদের মতো করে বসন্ত উৎসব উদযাপন করা হয়। এবার রাজাকারদের ফাঁসির দাবির মধ্য দিয়ে সেই আনন্দ ও উৎসব সবার সঙ্গে ভাগ করে নেওয়া হবে। বসন্তের রক্তিম পলাশ, পাখির কলকাকলিতেও প্রতিবাদ লুকিয়ে আছে। আন্দোলনকারীরা বলছেন, ১৯৫২ সালের ফাল্গুনে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের সূতিকাগার তৈরি হয়েছিল। এবারের আন্দোলনেও ফাল্গুনের ছোঁয়া লেগেছে। তাই আন্দোলনে বিজয় নিশ্চিত।স্লোগানে স্লোগানে মুখরিত প্রজন্ম চত্বর ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘জয় বাংলা’—এসব স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাঈদী, তুই রাজাকার তুই রাজাকার’ স্লোগান। প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন স্লোগান।কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এই বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ আন্দোলনে যোগ দেন। গত ৮ ফেব্রুয়ারি লাখো জনতার মহাসমুদ্রের কেন্দ্রবিন্দু শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ নবজাগরণ মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।