শাহবাগে লাখো জনতার মহাগর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে ফেব্রুয়ারিতে মানবতাবিরোধী অপরাধীর শাস্তির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে আজ বৃহস্পতিবারের মহাসমাবেশে লাখো জনতার ঢল নামে। জনতার সেই ঢল ছাড়িয়ে যায় পশ্চিমে কাঁটাবনের মোড়, পূর্বে রমনা, উত্তরে রূপসী বাংলা হোটেল আর দক্ষিণে টিএসসি মোড়। স্লোগানে স্লোগান শাহবাগে উঠে জনতার মহাগর্জন।বিকেল সোয়া চারটার দিকে প্রজন্ম চত্বরে মহাসমাবেশ শুরু হয়। শুরুতেই মঞ্চে পাঠ করা হয় পবিত্র কোরআন। এরপর যথাক্রমে গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে প্রজন্ম চত্বরে জাতীয় সংগীত গাওয়া হয়। এ সময় শাহবাগে উপস্থিত লাখো প্রতিবাদী দাঁড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান। এরপর অমর একুশে স্মরণে সমবেত জনতা গেয়ে গেয়ে ওঠেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ গানটি। একই সঙ্গে ভাষাশহীদদের চেতনাকে ধারণ করে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র-যুব-জনতা। এরপর বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা মহাসমাবেশে বক্তৃতা দেন। গণজাগরণের ১৭ দিনএকটানা স্লোগান, তিন মিনিটের নীরবতা, কোটি হাতে মোমবাতি প্রজ্বালন, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের উদ্দেশে পাঠানো চিঠিসহ বেলুন ওড়ানো—একের পর এক সৃজনশীল সব কর্মসূচির সিঁড়ি বেয়ে আজ ১৭তম দিনে শাহবাগ আন্দোলন। আজ সেখানে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় মহাসমাবেশ।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে ৫ ফেব্রুয়ারি এই আন্দোলন শুরু করেন তরুণেরা। নিরবচ্ছিন্ন, সুশৃঙ্খল এই আন্দোলন অসীম এক শক্তি দেখিয়েছে বাংলাদেশের মানুষকে। রাজধানীর সীমানা ছাড়িয়ে দেশের প্রতিটি প্রান্তে এমনকি বিদেশেও কোটি মানুষের হূদয় ছুঁয়েছেন চেতনার প্রদীপ জ্বালানো তরুণেরা।গন্তব্য শাহবাগআজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জড়ো হন শাহবাগে। টানা রাত জাগার ক্লান্তি ধুয়ে প্রতিবাদী আন্দোলনের কর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান আগত ব্যক্তিদের। সব মিলিয়ে সকাল থেকে আবার মুখরিত হয়ে ওঠে শাহবাগ। ছাত্র, যুব ও জনতার আজকের এই মহাসমাবেশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা শাহবাগে এসেছে। নারী-পুরুষ-কিশোর-তরুণী-যুবক—সব বয়সের মানুষেরই সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শাহবাগ। এমনকি যে শিশু হাঁটতে জানে না, সেও এসেছে মা-বাবার কোলে চড়ে। এসেছে অনেক মুক্তিযোদ্ধাও। উপস্থিত জনতার প্রধান দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসি। টানা প্রতিবাদ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের পর তাত্ক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক শাহবাগে অবস্থান নেয়। তরুণেরা কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবি করেন। ৫ ফেব্রুয়ারি বিকেলে খুব ছোট পরিসরে এই প্রতিবাদ শুরু হলেও সন্ধ্যা নাগাদ সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ এসে যোগ দিতে থাকেন। এরপর বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে ওঠে শাহবাগ। চলে টানা প্রতিবাদ। ৮ ফেব্রুয়ারির মহাসমাবেশে লাখো মানুষ উপস্থিত হয়ে মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হন। ১২ ফেব্রুয়ারি বিকেল চারটায় পালন করা হয় তিন মিনিটের নীরবতা। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কোটি শিখায় আলোকিত হয়ে ওঠে বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারি জাগরণ সমাবেশ থেকে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানানো হয়। ওই সমাবেশ থেকে আন্দোলন দিন-রাত ২৪ ঘণ্টা থেকে কমিয়ে বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সংক্ষিপ্ত করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু সেদিন রাতেই ব্লগার ও স্থপতি আহমেদ রাজীব হায়দারকে তাঁর বাসার সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আবারও একটানা কর্মসূচিতে ফিরে যান তরুণেরা।১৬ ফেব্রুয়ারি বিকেলে ব্লগার রাজীবের জানাজায় উপস্থিত হন লাখো মানুষ। রাজীবের কফিন ছুঁয়ে রাজপথে থাকার শপথ নেন তরুণেরা। ১৭ ফেব্রুয়ারি সকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে গাওয়া হয় প্রিয় জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। ১৮ ফেব্রুয়ারি ডাকা জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে মানুষ। গতকাল মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে তরুণ প্রজন্মের জেগে ওঠার বার্তা প্রতীকী অর্থে শহীদদের কাছে পৌঁছাতে চিঠিসহ বেলুন ওড়ানো হয় আকাশে।গণমানুষের দাবিশাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো: কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসি। মানবতাবিরোধী অপরাধী ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। পঁচাত্তরের পর ছেড়ে দেওয়া সব অপরাধীকে ট্রাইব্যুনালে বিচার করা। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা। জামায়াতের অর্থে পরিচালিত সব প্রতিষ্ঠান বর্জন করা। গৃহযুদ্ধের হুমকি দেওয়া জামায়াতের নেতাদের গ্রেপ্তার করা।কিছু অর্জনআন্দোলনকারীরা জানিয়েছেন, ১৭ দিনের আন্দোলনে কিছু অর্জন এসেছে। কিন্তু মূল লক্ষ্য মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এটা না হওয়া পর্যন্ত অন্য হাজারো বিজয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। তার পরও যে কটি অর্জন দৃশ্যমান হয়েছে সেগুলো হলো:এক. একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য পুরো জাতি যে আজ ঐক্যবদ্ধ, তা আবারও প্রমাণিত হয়েছে।দুই. আন্দোলনের পর সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে। সংশোধিত আইনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তির পাশাপাশি সংগঠনেরও বিচার করা যাবে। অর্থাত্ রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোকেও বিচারের আওতায় আনা যাবে। আইনে সরকার ও বাদী পক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। ২০০৯ সালের ১৪ জুলাই থেকে আইনটি কার্যকর বলে গণ্য হবে।তিন. জাতীয় প্রেসক্লাবের মতো প্রতিষ্ঠান থেকে মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও অন্যতম অভিযুক্ত কামারুজ্জামানের সদস্যপদ বাতিল করা হয়েছে।চার. প্রসিকিউশনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে আইনজীবী তুরিন আফরোজকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার তাঁকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি হলেন ২২ জন।পাঁচ. আন্দোলন শুরু হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াত-শিবিরের সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।স্লোগানে মুখর শাহবাগআন্দোলনের শুরু থেকেই স্লোগানে মুখর শাহবাগ। এসব স্লোগানের মধ্যে রয়েছে: ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা;’ ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার;’ ‘বীর বাঙালির হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার;’ ‘জামায়াত মারার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার;’ ‘শিবির মারার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার;’ ‘জামায়াতের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও;’ ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও;’ ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো;’ ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা;’ ‘লাখো শহীদ ডাক পাঠাল, সারা বাংলায় খবর দে, সারা বাংলা ঘেরাও করে জামায়াত-শিবির কবর দে;’ ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়;’ ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই;’ ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না;’ ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই;’ ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান;’ ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’—এসব স্লোগানে নতুন এক কাব্যের জন্ম হয় শাহবাগে। আর সব স্লোগানের শেষ ছিল: ‘জয় বাংলা’।তুই রাজাকার, তুই রাজাকারঅসংখ্য স্লোগান উঠলেও শাহবাগের সবচেয়ে আলোচিত ও বড় স্লোগান: তুই রাজাকার। নতুন এই স্লোগান এবং নতুন এক বর্ণমালা পুরো শাহবাগকে উজ্জীবিত করেছে। বিশেষ করে ‘স্লোগান-কন্যা’ লাকী আক্তার যখনই সমাবেশ মঞ্চে উঠে এই স্লোগান দেওয়া শুরু করেছেন, তখন পুরো সমাবেশ নতুন প্রাণ পেয়েছে। বর্ণমালাভিত্তিক ‘তুই রাজাকার’ স্লোগান ক্রমিকটির শুরুতেই রয়েছে: ‘ক-তে কাদের মোল্লা।’ সমস্বরে সমস্বরে উত্তর: ‘তুই রাজাকার, তুই রাজাকার।’ এরপর যথাক্রমে—‘ক-তে কামারুজ্জামান।’ সমস্বরে উত্তর: ‘তুই রাজাকার, তুই রাজাকার।’ ‘গ-তে গোলাম আযম।’ সমস্বরে উত্তর: ‘তুই রাজাকার, তুই রাজাকার।’ ‘স-তে সাকা।’ সমস্বরে উত্তর: ‘তুই রাজাকার, তুই রাজাকার।’ ‘ম-তে মুজাহিদ।’ সমস্বরে উত্তর: ‘তুই রাজাকার, তুই রাজাকার।’ ‘ন-তে নিজামী।’ সমস্বরে উত্তর: ‘তুই রাজাকার, তুই রাজাকার।’ ‘স-তে সাঈদী।’ সমস্বরে উত্তর: ‘তুই রাজাকার, তুই রাজাকার।’ জনপ্রিয় লেখক ও শিক্ষক জাফর ইকবাল নিজেও এই স্লোগান দিয়ে শাহবাগের জনতাকে উজ্জীবিত করেছেন। দৃপ্ত শপথএকাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার শপথ নিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা। দাবি আদায়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও শপথ নিয়েছেন জনতা। ব্লগার রাজীবের কফিন ছুঁয়ে আন্দোলনকারীরা শপথ নিয়েছেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার আর জামায়াত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ কেউ ছাড়বেন না। মৃত্যুর আগ পর্যন্ত তাঁদের সংগ্রাম অব্যাহত থাকবে। রাজীবের রক্তের বদলা নিতে হবে। জামায়াত-শিবির প্রতিরোধ করতে তাই প্রতিটি জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লা পর্যায়ে কমিটি গঠন করতে হবে।ধর্ম নিয়ে অপপ্রচারে বিভ্রান্তি নয় গণজাগরণ মঞ্চ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ধর্ম সম্পর্কে কোনো কথাই বলা হয়নি, হচ্ছে না, হওয়ার কোনো কারণও নেই। কিন্তু এই গণজাগরণের সঙ্গে ধর্মকে জড়িয়ে সেই চিহ্নিত গোষ্ঠী অপপ্রচারে নেমেছে। তারা এর মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তরুণসমাজ এই স্বার্থান্বেষীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে।সংহতি নানা শ্রেণী-পেশার মানুষ শাহবাগের আন্দোলনে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন। এঁদের মধ্যে রয়েছেন: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সংসদের উপনেতা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সাংসদ ইসরাফিল আলম, সাংসদ রাশেদ খান মেনন, সাংসদ উবায়দুল মুক্তাদির চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবাহান, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, গণফোরামের সভাপতি ও সংবিধান-প্রণেতা ড. কামাল হোসেন, চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষক, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ, সাংবাদিক ও কলাম লেখক আবেদ খান, সাংবাদিক গোলাম সারওয়ার, সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম শফিউল্লাহ, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, নারীনেত্রী শিরীন আক্তার, পঙ্কজ ভট্টাচার্য, অজয় রায়, ফেরদৌসী প্রিয়ভাষিণী, মাহফুজা খানম, চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কবি ম সামাদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, প্রবীণ বামপন্থী নেতা হায়দার আকবর খান রনো, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক রফিক উল্লাহ খান, জাতীয় ক্রিকেট দলের সদস্যরা, আহমেদ রফিক, কামাল লোহানী, শেখ জিয়াউল হক, জামিল আক্তার, বরুণ বিশ্বাস, রওশন জামিল, মনসুর মুসা, এস আর মাহমুদসহ অনেক বিশিষ্ট নাগরিক।