শাহবাগে শহীদ জননীর প্রতিকৃতি, দাঁড়িয়ে জনতার সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ জননী জাহানারা ইমামের সম্মানে শাহবাগের প্রজন্ম চত্বরে উপস্থিত নানা শ্রেণী-পেশার হাজারো মানুষ এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে শাহবাগ মোড়ে মত্স্য ভবনমুখী রাস্তায় স্থাপন করা হয় জাহানারা ইমামের ৩৫ ফুটের বিশাল একটি প্রতিকৃতি। এ সময় মূল মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ যুদ্ধাপরাধীদের বিচার-আন্দোলনের এই অগ্রনায়কের প্রতি দাঁড়িয়ে এক মিনিট সম্মান প্রদর্শনের আহ্বান জানান। এরপর সবাই দাঁড়িয়ে সম্মান জানান। এর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ফানুস ওড়ানো হয়। গত ৫ ফেব্রুয়ারি রায়ের দিন থেকে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগসহ দেশজুড়ে শুরু হয় গণজাগরণ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরই যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর পর সবগুলো সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বদলে তাদের রাষ্ট্রে পুনর্বাসিত করে। এরই ধারাবাহিকতায় দেশে ফেরেন গোলাম আযম। ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আযমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের অংশ হিসেবে জাহানারা ইমামের নেতৃত্বে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যের একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠিত হয়। এরপর সারা দেশে আন্দোলন শুরু হয়। ১৯৯২ সালের ২৬ মার্চ ‘গণ-আদালত’-এর মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে গোলাম আযমের ঐতিহাসিক বিচার হয় জাহানারা ইমামের নেতৃত্বে। এ ঘটনার পর সে সময়ের বিএনপি সরকার জাহানারা ইমামসহ ২৪ জন বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে অ-জামিনযোগ্য মামলা দায়ের করে। পরবর্তী সময় হাইকোর্ট ২৪ জন বিশিষ্ট ব্যক্তির জামিন মঞ্জুর করেন। এরপর লাখো জনতার পদযাত্রার মাধ্যমে জাহানারা ইমাম ১৯৯২ সালের ১২ এপ্রিল গণ-আদালতের রায় কার্যকর করার দাবিসংবলিত স্মারকলিপি নিয়ে সংসদে যান। ১৯৯৩ সালের ২৮ মার্চ নির্মূল কমিটির সমাবেশে পুলিশ বাহিনী হামলা চালায়। পুলিশের লাঠিচার্জে আহত হন জাহানারা ইমাম এবং তাঁকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৯৩ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে গণ-আদালত বার্ষিকীতে জাহানারা ইমামের নেতৃত্বে গণতদন্ত কমিটি ঘোষিত হয় এবং আরও আটজন যুদ্ধাপরাধীর নাম ঘোষণা করা হয়। এরা হলেন—আব্বাস আলী খান, মতিউর রহমান নিজামী, মো. কামরুজ্জামান, আবদুল আলীম, দেলাওয়ার হোসাইন সাঈদী, মওলানা আবদুল মান্নান, আনোয়ার জাহিদ ও আবদুল কাদের মোল্লা।১৯৯৪ সালের ২৬ জুন ৬৫ বছর বয়সে জাহানারা ইমাম শেষনিঃশ্বাস ত্যাগ করেন।